কম্বল পেলেন ৪৫০ জন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও ক্রাউন সিমেন্ট গ্রুপের সহযোগিতায় গত সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফল উপজেলার ২০০ জন শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার দিনাজপুরের বিরামপুরে কম্বল দেওয়া হয়েছে আরও ২০০ জনকে।
চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিটি ব্যাংক এনএর সহযোগিতায় ৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বাউফলের ধানদী ফাজিল মাদ্রাসার ২২ জন এতিম শিক্ষার্থী, মঙ্গলবার বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শিশু শিক্ষার্থী, বুধবার ছয়হিস্যা বালিকা দাখিল মাদ্রাসার ৫০ ছাত্রী ও বৃহস্পতিবার বগী খালের মানতা সম্প্রদায়ের ৫০ জেলেসহ ধানদী ও শৌলা গ্রামে এবং বাউফল পৌরসভার মুসলিমপাড়া এলাকায় মোট ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সহযোগিতা করেন।
কম্বল বিতরণে ধানদী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম, বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল আলম মিয়া, দক্ষিণ ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, সাংবাদিক এম এ বাশার, কামরুল হাসান, সমাজসেবক ফারুক হোসেন, মাসুদ রানা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে খুব খুশি মানতা সম্প্রদায়ের আনছার সরদার (৭৫)। তিনি বলেন, ‘নদীভাঙনে সব হারাইয়া ৪০ বছর তামাইত এই খালে থাকতাছি। মোরা নৌকায় থাহি, হেইয়ার পরও কেউ কিছু দেয় না। শীতে আমাগো খুব কষ্ট অয়। তোরা মোগোরে কম্বল দিছ। খুব ভালো হইছে। আল্লায় তোগো ভালো করবে।’
বুধবার বিরামপুরের ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের শোঠাপির এতিমখানা মাঠে ইউনিয়নের ১২৫ জন শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীর প্রমুখ। এর আগে মঙ্গলবার নবাবগঞ্জ ও বিরামপুরে ভাসমান শীতার্ত মানুষের মধ্যে ৭৫টি কম্বল বিতরণ করা হয়।
শোঠাপির কাচারির শামছুন্নাহার বেওয়া (৬৫) বলেন, ‘গোটা শীততাত এটা কম্বলের তনতে সবার বাড়ি বাড়ি ঘুরনু। কেউ এটা কম্বল দিল না। আল্লাহ তোমাক ভালো করুক।’
মোন্নাপাড়া গ্রামের নুরুল ইসলাম (৭০) বলেন, ‘আগুন শুকে শুকে শীত পার করছি বা। তোমার কম্বলটা পায়ে জিউটা শান্তি পালো।’
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লা বেদেপল্লি ও আশপাশের এলাকায় গতকাল বিকেলে ৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নাজিম উদ্দিন, চুয়াডাঙ্গা বন্ধুসভার সহসভাপতি সাহানা আফরোজ, যুগ্ম সম্পাদক মাহমুদ আল জান্নাত ও সদস্য মাহমুদ আল আরাফাত এবং ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি শাখার সহসভাপতি হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ১১০টি ও ২৬ জানুয়ারি সদর উপজেলার দিগড়ী গ্রামে শীতার্তদের মধ্যে ৪০টি কম্বল বিতরণ করা হয়।