কম্বল পেলেন ৭৫৫ জন
নদীভাঙনের কারণে ঝালকাঠির মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া গ্রাম চর কুতুবনগর। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামের ৩০ জন দুস্থের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে গ্রামের বাসিন্দা মো. শাহজাহান (৬০) বলেন, ‘মোরা ঝালহাডি পৌরসভার বাসিন্দা হইয়া নদীর এপার থাহি। মোগে কেউ খোঁজ লয় না। সব সাহায্য ওপার দিয়া শেষ অইয়া যায়। আমহেরা মোগো মোনে হরছেন হেইতেই খুশি।’বিকেলে ঝালকাঠি টাউন হল চত্বরে ৯০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়। এ নিয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সদস্যদের সহায়তায় গতকাল শুক্রবার, গত বৃহস্পতিবার ও বুধবার রাঙামাটি, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, ঝালকাঠি, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা, ফরিদপুর ও কুষ্টিয়ার কুমারখালীতে ৭৫৫ জন দুস্থের মধ্যে কম্বল বিতরণ করা হয়।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: ইঞ্জিনচালিত নৌকায় করে গতকাল দুপুরে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কিল্যামুড়ো, কয়লাতলী, কার্বারীপাড়া, কালীবাড়ী ও আমতলী গ্রামে যান বন্ধুসভার সদস্যরা। সেখানে ১২০টি আদিবাসী ও বাঙালি পরিবারের মধ্যে একটি করে কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে আমতলী গ্রামের লক্ষ্মীনিশি ত্রিপুরা (৫০) প্রশ্ন করেন, ‘অনেকে এভাবে কিছু দিলে ভোট চায়, তোমরা কিছু চাও কি না।’ কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উড়াল মণি চাকমা, কৃষ্ণময় তঞ্চঙ্গ্যা, ভ্যালেন্টিনা চাকমা, বাসনা চাকমা, শুভেচ্ছা চাকমা প্রমুখ।চুয়াডাঙ্গা: ‘ভগবান এদ্দিনে মুকপানে তাকিয়েচে। কত দিন কত জোন নাম নিকে নিয়ে গ্যালো, কেউ গরিপির কতা মনে রাকিনি।’ গতকাল কম্বল পেয়ে চুয়াডাঙ্গার দাসপাড়ার শতবর্ষী কমলা বালা এভাবেই তাঁর অনুভূতির কথা জানান। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ১০০ জন দুস্থের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ এস এম ইস্রাফিল, সাংবাদিক সরদার আল আমিন, বন্ধুসভার ফিরোজ খন্দকার, মাবুদ সরকার প্রমুখ।ফরিদপুর: ‘আমরা শহরের মধ্যেই পইরা থাকি। আমাগো ছাড়া ভদ্দরনোকদের কাজ চলে না। কিন্তু আমাগো খবর কেউ নেয় না।’ বৃহস্পতিবার সকালে কম্বল পেয়ে এভাবেই আক্ষেপের সঙ্গে কথাগুলো বলেন শহরের বান্ধবপল্লির (হরিজন পল্লি) অজয় জমাদ্দার (৫০)। বান্ধবপল্লির ১৭৫ জন দুস্থকে কম্বল দেওয়া হয়। ৭০ বছরের বীণা রানি বিশ্বাস বলেন, ‘শীতে এইবার খুব কষ্ট পাইছি বাবা। আরও আগে আসলা না ক্যান?’ এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার হাসানুজ্জামান সবুজ, সনত্ কুমার মলো প্রমুখ।গাইবান্ধা: সদর উপজেলার কূপতলা, খোলাহাটি, বল্লমঝাড়, রামচন্দ্রপুর, ঘাগোয়া, বোয়ালি গ্রামের ১০০ জন দুস্থ ও শীতার্তকে গতকাল কম্বল দেওয়া হয়। গাইবান্ধা সরকারি মহিলা কলেজ মাঠে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. জাকারিয়া, আবু জাফর সাবু, বন্ধুসভার বিরতী রঞ্জন সরকার, আকরামুল হাসান প্রমুখ।ঝালকাঠি: ঝালকাঠিতে গতকাল কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার মনোয়ার হোসেন খান, মো. আফজাল হোসেন প্রমুখ।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): বন্ধুসভার সদস্যরা বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের আবুদিয়া ও ধাপড়া গ্রামের ৪০ জন শীতার্তের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন। কম্বল পেয়ে আবুদিয়া গ্রামের মরহুম হাবিবুল্লার স্ত্রী আয়াতন বেওয়া (৮৫) বলেন, ‘এই জারেও (শীত) কত লোহের কাছে কম্বল চাইছিলাম। কেউ দেয় নাই।’ এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার আহমেদ, কনক হোসেন প্রমুখ।কুমারখালী (কুষ্টিয়া): বুধবার কুমারখালীর যদুবয়রান ইউনিয়নের ভিসিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ভিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রত কুমার দাশ, প্রভাষক রাসেল মোশারফ চৌধুরী, পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু নিতাই কুমার কুন্ডু, বন্ধুসভার কাইসার রেজা পাশা, মাসুদ রানা প্রমুখ।