কম্বল পেয়ে আবেগাপ্লুত গোলেজান বিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমরা কায় বাহে এত আইতোত আসিয়া জাড়োত এ্যাং করি ডাকের নাকছেন।’ গত শনিবার রাতে লালমনিরহাটের পাটগ্রামের কুচলিবাড়ী গ্রামের গোলেজান বিবিকে (৭০) কম্বল দিতে গিয়ে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা ঘরের দরজা খুলতে বললে তিনি এ কথা বলেন। তাঁকে একটি কম্বল দেওয়া হলে অনেকটা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘কতোজনেরটে চেয়াও পানু না, কতজন নাম লিখি নিগাইল, আর তোমরা বাড়িত আসিয়া কম্বল খান হাতো তুলি দিলেন। আইজ আইতোত শান্তিমতো ঘুমবার পাইম।’ গতকাল রোববার ও গত শনিবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় লালমনিরহাটের পাটগ্রাম, শরীয়তপুর, কিশোরগঞ্জের ভৈরব ও পটুয়াখালীতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাটগ্রাম: উপজেলার কাউয়ামারী, লতামারী, ধবলসতী, কুচলিবাড়ী, ললিতারহাট, ঘোনাবাড়ী, জগতবেড়, বাংলাবাড়ী, সোহাগপুর, পানবাড়ী, পৌর সদরসহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় শনিবার ও রোববার রাতে ২০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউয়ামারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক, বন্ধুসভার সভাপতি তাহেরুল ইসলাম, সদস্য ইফতেখার আহাম্মেদ, প্রথম আলোর প্রতিনিধি এ বি সফিউল আলম প্রমুখ। শরীয়তপুর: সদর উপজেলার পশ্চিম কোটাপাড়া, সুজন দোয়াল, খিলগাঁও, কোয়ারপুর, শৌলপাড়া গ্রামের ৫০টি দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মুন্সীরহাট কীর্তিনাশা নদীর পারে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার কামাল, সুমন, সুলতানা, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিত্ ঘোষ প্রমুখ। এর আগে গত শুক্রবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় আরও ৫০টি কম্বল বিতরণ করা হয়।ভৈরব: গতকাল সকালে উপজেলার কালিপুর ও চণ্ডীবের এলাকার শীতার্তদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়। সংস্কৃতিকর্মী আশরাফুল হক ও জসিমউদ্দিন শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার জুয়েল, ধিমান, ফাহিম ও ভৈরবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা।কম্বল পেয়ে কালিপুর বন্দ এলাকার তাহেরা বানু (৬৫) বলেন, ‘একটা কম্বলের লাইগা উপজেলায় গেছি, পাই নাই। মেম্বারের বাড়িতে গিয়াও হালি হাতে আইতে হইছে। তোমরা বাবা আমারে এই কম্বল দিয়া বুড়া মানুষটারে শীতের থাইক্কা বাঁচাইলা।’পটুয়াখালী: শনিবার বিকেলে স্থানীয় এ কে এম কলেজ প্রাঙ্গণে শহরের লঞ্চঘাট, সবুজবাগ, স্বনির্ভর রোড, মনসাবাড়ী সড়ক, চরপাড়া, চর জৈনকাঠি, লাউকাঠি, নতুন বাজারকলের পুকুরপাড়ের দুস্থ, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাসহ মোট ১০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। নতুন কম্বল পেয়ে আয়জান বিবি (৬৫) বলেন, ‘মোগো মতো গরিবেরে পাশে কেই আয়নাই।’ কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন এ কে এম কলেজের অধ্যক্ষ ও বন্ধুসভার উপদেষ্টা আবদুল আজিজ, বন্ধুসভার সভাপতি স্বপন কুমার, বন্ধুসভার সদস্য শারমিন, সুমাইয়া ও প্রথম আলোর প্রতিনিধি শংকর দাস।