কম্বলটি গায়ে দেওয়া হলো না খুকুমণির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বন্ধুসভার সদস্যরা গত সোমবার হাজির হন তাঁর বাড়িতে। কম্বল পেয়ে তিনি খুশি হলেন খুব। বললেন, শীতের দিনগুলো এখন ভালোই কাটবে। কিন্তু সন্ধ্যার পর খবর এল, পরপারে চলে গেছেন তিনি।
ওই বৃদ্ধার নাম খুকুমণি রানী মোদক (৭৭)। তিনি রায়গঞ্জ পৌরসভার মহেশপুর মোদকপাড়ার মৃত নলিনী চন্দ্র মোদকের স্ত্রী।
খুকুমণি রানী মোদকের জন্য একটি কম্বল দেওয়ার কথা বলেন চকমথুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক। তিনি বন্ধুসভার বন্ধুদের সঙ্গে নিয়ে সোমবার দুপুরে খুকুমণির হাতে একটি কম্বল তুলে দিয়ে আসেন।
দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ কুমার মোদক বলেন, কম্বলটি আর গায়ে দেওয়া হলো না খুকুমণি রানীর। সন্ধ্যায় চলে গেছেন তিনি।
খুকুমণি রানী মোদকের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে দুলাল চন্দ্র মোদক বলেন, মাকে এলাকার বন্ধুসভার ছেলেরা একটি নতুন কম্বল দিয়েছিলেন। কিন্তু সেটি তাঁর গায়ে দেওয়া হলো না। এর আগেই ভগবান তাঁকে নিয়ে গেলেন। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর শ্মশানঘাটে তাঁর দাহ সম্পন্ন হয়েছে।
প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু রায়হান বলেন, বন্ধুসভার কাজে যুক্ত হওয়ার পরে এ রকম ঘটনা এই প্রথম। বিষয়টি খুব দুঃখজনক।