কম্বলের ঘোষণা দিয়ে যন্ত্রপাতি আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই থেকে মাত্র চার হাজার টাকা (৬০ মার্কিন ডলার) দামের ২০০ কেজি ওজনের শীতের কম্বল আমদানির ঘোষণা ছিল চট্টগ্রামের এক ব্যবসায়ীর। সে অনুযায়ী এ চালানের আমদানি শুল্ক ১১ হাজার ৩৮৭ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। গত শনিবার বিকেলে কম্বলের চালানটি বন্দরের সিসিটি (চিটাগাং কনটেইনার টার্মিনাল) ইয়ার্ড থেকে ট্রাকে করে বাইরে নেওয়ার সময় দেখা গেল সেখানে কম্বল নয়, আছে চার ট্রাক মেশিনারিজ সামগ্রী, যার ওজন হবে ৩৫ থেকে ৪০ টন। তাত্ক্ষণিকভাবে চালানটি আটক করা হয়। জানা যায়, এ চালানে কম্বলের পরিবর্তে অন্য রকম পণ্য আছে—গোপন সূত্রে এ খবর পেয়ে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা চালানটি আটক করেন। চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্ক-গোয়েন্দা ও রপ্তানি শাখার গোয়েন্দা কর্মকর্তারা সেখানে যাওয়ার আগেই পণ্য খালাসের কাজে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা পালিয়ে যান। শুল্ক কর্মকর্তারা জানান, বড় বড় ১৮টি কাঠের বাক্সে রাখা এ চালানের পণ্য খুলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার আগে এসব মেশিনারিজের দাম নির্ণয় করা সম্ভব নয়। কম্বলের চালানের আমদানিকারক হিসেবে খাতুনগঞ্জের ১১৬ নম্বর আমিন মার্কেটের ঠিকানায় তাসকিয়া ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়। সরেজমিনে ঘুরে আমিন মার্কেটে এ ধরনের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সবুজ অ্যান্ড ব্রাদার্সের কর্মকর্তারাও চালানটি আটকের পর আত্মগোপন করেছেন। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, কর্মকর্তারা এ চালানের কম্বল সরেজমিনে পরীক্ষা করে শুল্কায়ন করেছিলেন। এ কারণে বিভ্রান্তি দেখা দিয়েছে। কমিশনার জানান, ঘটনা তদন্তে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার শামসুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। শুল্ক কর্মকর্তা ছাড়া বন্দর কর্তৃপক্ষের একজন প্রতিনিধিকে এ কমিটির সদস্য করা হয়েছে। কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।