কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে গতকাল ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে গতকাল ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন তিন দিনের সরকারি সফরে গতকাল সোমবার সকালে ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাঁকে অভিনন্দন জানান। এ সময় একটি শিশু তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেয়। খবর বাসসের৷
তিন বাহিনীর একটি চৌকস দল হুন সেনকে গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় সালাম জানায়। হুন সেন গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।
বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন জানানোর পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে মোটরশোভাযাত্রা সহকারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নেওয়া হয়। বাংলাদেশ সফরকালে এখানেই তিনি অবস্থান করবেন। হুন সেন বেলা তিনটা ১০ মিনিটের দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান৷ সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধ চত্বরে তিনি একটি গাছ রোপণ করেন।
পরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বিকেল চারটা ৫০ মিনিটে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) পরিদর্শনে যান এবং সন্ধ্যায় নগরের বৌদ্ধবিহার পরিদর্শন করেন।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে গতকাল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) রূপসী বাংলা হোটেলে এক ভোজসভার আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম আজ সকালে সোনারগাঁও হোটেলে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাৎ করবেন। একই দিন হুন সেন নগরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন৷
দুপুরের পর হুন সেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করবেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে যৌথ কমিশন প্রতিষ্ঠা, বিনিয়োগ সুরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য তিনটি চুক্তি এবং কৃষিতে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক সই হবে।