কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন তিন দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকায় এসেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন হুন। তিনি ২৭ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। কম্বোডিয়ার পররাষ্ট্র, কৃষি ও সংস্কৃতিমন্ত্রী তাঁর সঙ্গে রয়েছেন।

আজ সকাল ১০টার দিকে হুনকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সোনারগাঁও হোটেলে উঠেছেন হুন। আজ বিকেলে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর সাভার ইপিজেডে কারখানা পরিদর্শন করবেন। রাতে এফবিসিসিআইয়ের দেওয়া ভোজে অংশ নেবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সোমবার প্রথম আলোকে জানান, কাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা-হুন সেন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে যৌথ কমিশন প্রতিষ্ঠা, বিনিয়োগ সুরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য তিনটি চুক্তি এবং কৃষিতে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক সই হবে।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম আলোকে বলেন, আসিয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কম্বোডিয়া। আসিয়ানের সংলাপের অংশীদার হিসেবে কম্বোডিয়ার সমর্থন চাইবে বাংলাদেশ।