কয়রায় কোস্ট গার্ডের অভিযানে চার জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের বাটুলিয়া নদীর ভারানি খালে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আজ শনিবার সকালে জিম্মি চার জেলেকে উদ্ধার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় পাঁচটি আগ্নেয়াস্ত্র, গুলি ও নৌকাসহ দুই বনদস্যুকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন কয়রা উপজেলার গোলখালী গ্রামের সাহেব আলী (২৬), আবদুর রহমান (৩০), মফিজুল ইসলাম (২৮) ও আমিরুল ইসলাম (২৫)।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ওই জেলেদের নিয়ে বনদস্যুরা সুন্দরবনে খুলনার কয়রা উপজেলার বাটুলিয়া নদীর হাতভাঙ্গা ভারানির খালে অবস্থান করছিল। খবর পেয়ে গতকাল শুক্রবার গভীর রাতে কোস্ট গার্ডের একটি দল সেখানে যায়। রাত আড়াইটা থেকে বনদস্যুদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান শুরু হয়। দীর্ঘ সময় ধরে থেমে থেমে দুপক্ষের গোলাগুলি শেষে আজ সকাল আটটার দিকে বনদস্যুরা জিম্মি চারজন জেলেকে ছেড়ে দিয়ে বনের মধ্যে পালিয়ে যায়। এ সময় কোস্ট গার্ড কয়রা উপজেলার গোলখালী গ্রামের রবিউল ইসলাম (২৭) ও মাটিভাঙ্গা গ্রামের মনিরুল ইসলামকে (২৮) আটক করে। তাঁদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি শটগান ও একটি পাইপগান, ২০৭টি গুলি ও একটি নৌকা উদ্ধার হয়েছে।
কোস্ট গার্ডের অভিযানে নেতৃত্বদানকারী লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মজুমদার বলেন, ‘জিম্মি জেলেদের উদ্ধারের জন্য আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দুইটা থেকে অভিযান শুরু করি। আজ সকালে অভিযান শেষ হলে চারজন জিম্মি উদ্ধার হয়।’ তিনি বলেন, উদ্ধার হওয়া জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। অস্ত্রসহ বনদস্যুদের কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।