কয়লা নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলের ডাকা টানা অবরোধ ও হরতালের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা কয়লা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ক্রেতা না থাকা ও আনুষঙ্গিক খরচ যোগ হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তাঁরা জানিয়েছেন।
গতকাল বুধবার স্থলবন্দরে সরেজমিনে দেখা যায়, বন্দরের তিন কিলোমিটার এলাকাজুড়ে কয়লার স্তূপ জমে গেছে। ব্যবসায়ীরা জানান, অনেক দিন বন্ধ থাকার পর গত ৩০ নভেম্বর থেকে তারা এলসি খুলে ভারত থেকে প্রায় ১৯ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করে। কিন্তু অবরোধ ও হরতালে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় কয়লার চাহিদাও কমে গেছে। বন্দরে ক্রেতাও নেই। এতে সরকারের রাজস্ব আদায় হলেও তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বুড়িমারী বন্দরের কয়লা আমদানিকারক হুমায়ুন কবীর সওদাগর বলেন, প্রতিদিন ভারত থেকে কয়লা আমদানি হলেও অবরোধের কারণে তা দেশের বিভিন্ন স্থানে পাঠানো যাচ্ছে না।