কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচি!
কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাতিলের দাবিতে গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস ঘেরাও করেছে স্থানীয় এলাকাবাসী।
পরে উপজেলা পরিষদ চত্বরে দুই হাজারের অধিক লোক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, শরীরে একবিন্দু রক্ত থাকতে কোনো দিন মাতারবাড়িতে কয়লাবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করতে দেব না।
স্থানীয় মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কবির আহমদ, উপজেলা আওয়ামী লীগের নেতা রুহুল আমিন, আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম জাহাঙ্গীর বাদশাহ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহামঞ্চদ উল্লাহ, মাহবুব মোর্শেদ, জামায়াতের নেতা মাহবুবুর রহমান, মনজুর আলম, ইউপি সদস্য ফিরোজ আহমদ ও আলতাফ হোছাইন।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে স্থানীয় মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানের কাছে পৃথক দুটি স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, এলাকার ৮০ হাজার মানুষের জীবিকা নির্বাহের পথ বন্ধ করে দিয়ে প্রায় এক হাজার ৪০০ একর জমির ওপর সরকার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি হাতে নিয়েছে। আর এই বিদ্যুৎ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করতে হলে এই এলাকার সিংহ ভাগ কৃষি ও লবণজমির পাশাপাশি ছয় হাজার বসতবাড়ি, মসজিদ, কবরস্থান ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান উচ্ছেদ করতে হবে। এতে পেশা হারিয়ে বেকার হয়ে পড়বে অন্তত ৫০ হাজার অসহায় মানুষ। গৃহহারা হয়ে পড়বে ৩০ হাজারের অধিক মানুষ।
স্থানীয় মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, কয়লাবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি প্রতিহত করতে এলাকার ৮০ হাজার মানুষ প্রাণ দিতে প্রস্তুত।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, যথাযথ ব্যবস্থা নিতে স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।