কয়লা সরবরাহের দাবিতে গৌরীপুরে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুরের ইটভাটাগুলোতে ন্যায্যমূল্যে কয়লা সরবরাহের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইটভাটার মালিক ও শ্রমিকেরা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তাঁরা।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে গৌরীপুর উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিক পরিষদ পৌর শহরের মধ্যবাজার এলাকায় মানববন্ধন করে। এতে ১৫টি ইউনিয়নের কয়েক শ ইটভাটা শ্রমিক ও মালিক অংশ নেন। মানববন্ধনে মালিক ও শ্রমিকেরা বলেন, কয়লার সংকট ও মূল্যবৃদ্ধি পাওয়ায় উপজেলার কোনো ইটভাটায় এখনো ইট পোড়ানোর কাজ শুরু করতে পারছেন না তাঁরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, সহসভাপতি আলী আকবর আনিছ, কামাল উদ্দিনসহ বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকেরা।