কয়লার অভাবে ঝিনাইদহে ইট পোড়ানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লার অভাবে ঝিনাইদহের বেশ কয়েকটি জিগজ্যাগ (হাওয়া) ইটভাটা বন্ধ করে দিয়েছেন মালিকেরা। আবার অনেকে কাঁচা ইট তৈরি করে অপেক্ষায় আছেন কয়লার। আর স্থায়ী চিমনির ভাটার মালিকেরা বিকল্প হিসেবে গোপনে কাঠ ব্যবহার করে ভাটা চালু রেখেছেন। যদিও ইটভাটায় কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
ভাটা মালিকেরা আরও জানিয়েছেন, দ্রুত কয়লার ব্যবস্থা না করলে এ বছর ঝিনাইদহে ১০ থেকে ১৫ কোটি ইট কম তৈরি হবে, যা স্থানীয় উন্নয়নে ব্যাপক প্রভাব পড়বে। পাশাপাশি এসব ভাটায় কর্মরত কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। অনেকে কাজ ছেড়ে বাড়ি ফিরে গেছেন।
ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন জানান, বর্তমানে গোটা জেলায় ১৫০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে জিগজ্যাগ ভাটা আছে ২০টি। বাকিগুলোর বেশির ভাগ স্থায়ী চিমনি। কিছু আছে ব্যারেল চিমনির ভাটা। তিনি জানান, ২০০০ সালের পর থেকে ইটভাটায় কাঠ পোড়ানোর ওপর পরিবেশ মন্ত্রণালয় কড়াকড়ি শুরু করলে ভাটার মালিকেরা তাঁদের ভাটায় কাঠের পরিবর্তে কয়লা ব্যবহার করতে শুরু করেন। এরই মধ্যে বেশ কিছু ভাটা শুধু কয়লা ব্যবহার উপযোগী করে তোলা হয়, যেগুলোকে জিগজ্যাগ ভাটা বলে। কয়লার অভাবে এসব ভাটা বন্ধ রয়েছে।
ঝিনাইদহ সদর থানার রাউতাইল মাঠের মধ্যে রয়েছে আবির ব্রিকস। এর মালিক মাহমুদুল ইসলাম জানান, তাঁর ভাটায় ৫০ থেকে ৬০ লাখ ইট তৈরি হয়। ২১ বছর আগে দুই একর জমির ওপর গড়ে তোলা এই ভাটায় এ বছর ২০ লাখ কাঁচা ইট তৈরি করা হয়েছে। এখন কয়লা না থাকায় পোড়ানো সম্ভব হচ্ছে না। এক প্রকার কাজ ছাড়াই শ্রমিকদের টাকা দিতে হচ্ছে। তিনি জানান, এভাবে অনেকগুলো ভাটা বন্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম জানান, সরকার থেকে এ নিয়ে তাঁদের কোনো নির্দেশনা নেই। তা ছাড়া ভাটার মালিকেরা নিজেদের মতো করে কয়লা সংগ্রহ করে থাকেন।