কয়লার অভাবে সিরাজগঞ্জে প্রায় ১০০ ইটভাটা বন্ধ রয়েছে। এতে ভাটামালিকেরা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন; পাশাপাশি প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের পদ্মা ব্রিকস নামের ভাটায় ৩০ নভেম্বর ইট পোড়ানোর জন্য আগুন ধরানো হয়। চার দিনের মাথায় আগুন নিভিয়ে দেওয়া হয়। ভাটার মালিক রেজাউল করিম বলেন, ‘ভারত থেকে কয়লা চলে আসবে ভেবে মজুত থাকা ১০০ টন কয়লা দিয়ে ভাটায় আগুন দিয়েছিলাম। পরে নিশ্চিত হলাম, সহজে কয়লা আসছে না। তাই যাতে বেশি ক্ষতি না হয়, সে জন্য ভাটা বন্ধ রাখা হয়েছে। কয়লার সরবরাহ স্বাভাবিক হলে আগুন দেওয়া হবে।’
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, এ জেলায় মোট ১২০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১০০টি ভাটা এবার চালু করা হয়। এক মাস ধরে ভাটাগুলোতে কাঁচা ইট বানানো হয়। কিন্তু কয়লার অভাবে ইট পোড়ানোর ব্যবস্থা না হওয়ায় ইতিমধ্যে ৯৫টি ভাটায় ইট বানানোর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ প্রতিটি ভাটায় ১৫০ থেকে ২০০ শ্রমিক কাজ করেন। এখন অনেক ভাটামালিক শ্রমিকদের খরচ পর্যন্ত চালাতে পারছেন না।
নজরুল ইসলাম বলেন, ‘কয়লার জন্য আমরা বিভিন্ন ব্যবসায়ীর কাছে ধরনা দিচ্ছি। দেশের একমাত্র কয়লাখনি বড়পুকুরিয়ায় যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না। বিষয়টি সমাধানের জন্য আমরা সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’
ইটভাটার মালিক ও শ্রমিক সূত্র জানায়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ইট বানানোর মৌসুম শুরু হয়। অক্টোবরে ইট পোড়ানোর জন্য ভাটায় আগুন দেওয়া হয়। প্রতিটি ভাটায় গড়ে ৯০০ থেকে এক হাজার টন কয়লা প্রয়োজন হয়। কিন্তু এবার মৌসুমের দুই মাস পার হলেও এখন পর্যন্ত মালিকেরা ভাটায় আগুন জ্বালাতে পারেননি। কয়লা মজুত থাকায় পাঁচটি ভাটার মালিক আগুন ধরালেও এখন তাঁরা কয়লা কিনতে পারছেন না। ইতিমধ্যে দুটি ভাটার আগুন বন্ধ করে দেওয়া হয়েছে।
বিভিন্ন ভাটা ঘুরে জানা গেছে, ভারত থেকে কয়লা আসবে—এই আশায় ইটভাটা চালু করা হয়। কিন্তু এখন পর্যন্ত কয়লা না আসায় তাঁরা বিপাকে পড়েছেন। অপর দিকে কয়লা পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় ভাটাশ্রমিকদের কাজও এখন বন্ধ রাখা হয়েছে। এ কারণে শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন।
শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের এম জেড সি ইটভাটার মালিক মহিউদ্দীন বলেন, ‘এই উপজেলায় ১৯টি ভাটা ছিল। আমার দুটি ভাটার মধ্যে একটি বন্ধ রেখেছি। আরেকটির জন্য ইট বানানো শুরু করার পর কয়লা পাওয়া যাচ্ছে না। তাই এখন ইট বানানো বন্ধ রেখেছি। মৌসুম শুরুর পর দুই মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত এক টন কয়লার ব্যবস্থা করতে পারিনি। ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং মানুষের কাছ থেকে ঋণ করে ভাটা করেছি। এখন মূলধন ফিরে পাব কি না সেই আশঙ্কায় আছি। গত বছর প্রতি টন কয়লার মূল্য ছিল সাড়ে আট থেকে সাড়ে নয় হাজার টাকা। এ বছর কিছু স্থানে প্রতি টন ১৮ থেকে ১৯ হাজার টাকা চাওয়া হচ্ছে। মূল্য বেশি হলেও মজুত কম বলে আমরা কিনতে সাহস পাচ্ছি না।’
আমদানিকারক, ভাটামালিক ও কয়লা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটের তামাবিল, ময়মনসিংহের হালুয়াঘাট, সুনামগঞ্জের বড়ছড়া, লালমনিরহাটের বুড়িমারী, শেরপুরের কামালপুর, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা দিয়ে সবচেয়ে বেশি কয়লা ভারত থেকে বাংলাদেশে আসে। কিন্তু বর্তমানে কয়লা সরবরাহ বন্ধ রেখেছে ভারত।
কয়লা আমদানিকারক হালুয়াঘাটের রুহুল আমিন ও নাটোরের কারিবুল ইসলাম জানান, অপরিকল্পিতভাবে কয়লা উত্তোলন ও পরিবহন করায় পরিবেশ নষ্ট হচ্ছে—এমন অভিযোগ তুলে ভারতের মেঘালয় রাজ্যের পরিবেশবাদী সংগঠন ‘ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল’ মে মাসে ভারতের আদালতে একটি রিট আবেদন করে। এরপর কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। এ ছাড়া করসংক্রান্ত জটিলতার কারণে আগে উত্তোলন করা কয়লা ভারতের ব্যবসায়ীরা পাঠাতে পারছেন না।