কয়লার ব্যাপারে বর্তমান সরকারের সিদ্ধান্ত কয়লার মতোই কালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান সরকারের খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার আবদুস সালেক বলেছেন, ‘কয়লার ব্যাপারে বর্তমান সরকারের সিদ্ধান্ত কয়লার মতোই কালো।’ ‘প্রাথমিক জ্বালানি: রূপকল্প ২০২১ বাস্তবায়নে বিরাট বাধা’ শীর্ষক এক সেমিনারের মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বিদ্যুৎ খাতের প্রধান সমস্যা প্রাথমিক জ্বালানি। দেশে মজুত প্রায় ৩০০ কোটি মেট্রিক টন কয়লা এই সমস্যার দীর্ঘকালীন সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে আমদানি করা কয়লার ভূমিকাও গুরুত্বপূর্ণ। কিন্তু আমদানি করা অত্যন্ত দুরূহ। সরকার এ ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সাফল্য আছে।
গতকাল রোববার সকালে সিরডাপ মিলনায়তনে ইংরেজি পাক্ষিক অ্যানার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত ওই সেমিনারে অন্য জ্বালানি বিশেষজ্ঞরাও বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি হিসেবে শুধু গ্যাসনির্ভর না হয়ে দেশীয় কয়লা তোলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিদেশ থেকে গ্যাস, কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির কথাও বলেছেন তাঁরা।
সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সরকার আমদানি করা কয়লায় পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎকেন্দ্র করে সমালোচকদের জবাব দেবে। তিনি বলেন, গ্যাস-সংকটের কারণে অদূর ভবিষ্যতে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ সম্ভব না-ও হতে পারে। তাই শিল্পোদ্যোক্তাদের বিকল্প জ্বালানি ব্যবহারের কথা ভাবতে হবে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, গ্যাসের অভাবে শিল্পোদ্যোক্তারা প্রায় তিন হাজার কোটি টাকার যন্ত্রপাতি স্থাপন করেও চালু করতে পারছেন না।
সেমিনারে আরও বক্তব্য দেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ইমদাদুল হক, বুয়েটর অধ্যাপক ইজাজ হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাবেক পরিচালক মকবুল-ই-এলাহী, বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আহমেদ ফারুক, খনি প্রকৌশলী মুশফিকুর রহমান প্রমুখ।