কয়েক মাসের মধ্যে ঢাকা মেডিকেলে অস্থি-মজ্জা প্রতিস্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, কয়েক মাসের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থি-মজ্জা প্রতিস্থাপন (বোন মেরু ট্রান্সপ্লান্টেশন) শুরু হবে। এই আধুনিক চিকিত্সায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল সহযোগিতা করছে।

আজ শুক্রবার বাংলাদেশের স্বাস্থ্যসেবার অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের বোস্টন অঙ্গরাজ্যের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সহযোগিতা-বিষয়ক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে চিকিত্সক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা যুক্তরাষ্ট্রের ওই হাসপাতাল থেকে অস্থি-মজ্জা প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তিনি বলেন, সুনির্দিষ্টভাবে দিন বলা সম্ভব না হলেও কয়েক মাসের মধ্যে এই আধুনিক চিকিত্সা ঢাকা মেডিকেলে শুরু হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ বলেন, বাংলাদেশ মাতৃ ও শিশুমৃত্যু কমানোসহ স্বাস্থ্য খাতে বেশকিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এই সাফল্য ব্র্যাকের কর্ম এলাকাতেও দৃশ্যমান। তিনি বলেন, মাতৃমৃত্যু আরও কমানোর লক্ষ্যে ব্র্যাক ধাত্রী (মিডওয়াইফ) প্রশিক্ষণের কাজ শুরু করেছে।

সেমিনারে জানানো হয়, ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল, বেসরকারি প্রতিষ্ঠান একে খান ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতিতে কাজ করছে। অস্থি-মজ্জা প্রতিস্থাপন ছাড়াও নার্স প্রশিক্ষণ ও জরায়ুর ক্যানসার চিকিত্সা বিষয়েও ঢাকা মেডিকেলকে যুক্তরাষ্ট্রের হাসপাতালটি সহযোগিতা করছে।

অস্থি-মজ্জা প্রতিস্থাপন বিশেষজ্ঞ বিমলাংশু দেসহ ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের একাধিক চিকিত্সক ও নার্স সেমিনারে বক্তব্য দেন।