কয়েক হাজার হত্যা ও লাশ গুমের অভিযোগ হেফাজতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশ অভিযোগ করেছে, গত রোববার গভীর রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব ‘সাঁড়াশি আক্রমণ’ করে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। এতে আহত ও পঙ্গু হয়েছে ২০ হাজারের বেশি মানুষ। দলটির দাবি, নিহত ব্যক্তিদের লাশ পিকআপ, অ্যাম্বুলেন্স ও ট্রাকে করে গুম করা হয়েছে।

গতকাল সোমবার হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী, সদস্যসচিব জুনায়েদ আল হাবিবসহ ১৬ জন নেতা এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন।

সংগঠনটি ঢাকাসহ বিভিন্ন স্থানে গত দুই দিনে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহত লোকজনের সুস্থতা কামনা করে আজ মঙ্গলবার খতমে বোখারি, খতমে কোরআনসহ সারা দেশে বিশেষ দোয়া দিবসের কর্মসূচি ঘোষণা করেছে।

বিবৃতিতে দাবি করা হয়, রোববার দুপুরের পর থেকে গুলিস্তান, নয়াপল্টন, বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক, বিজয়নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হেফাজতের কর্মীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ সম্মিলিতভাবে আক্রমণ করে। ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা স্বর্ণের দোকানে লুটপাট, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ফুটপাতের বইয়ের দোকানে আগুন ও পবিত্র কোরআন শরিফ জ্বালিয়ে দিয়ে তা হেফাজতে ইসলামের কর্মীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

বিবৃতিতে আরও সই করেছেন হেফাজতের ঢাকা মহানগর কমিটির উপদেষ্টা আবদুল লতিফ নেজামী, যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী, মুফতি তৈয়্যব, আবুল হাসনাত আমিনী, মনজুরুল ইসলাম, প্রচার বিভাগের প্রধান আহলুল্লাহ ওয়াছেল, ঢাকা মহানগর নেতা শফিক উদ্দিন এবং মহিউদ্দিন ইকরাম, আহমদ আলী কাসেমী, শেখ মুজিবুর রহমান, রিয়াজতুল্লাহ, ওয়ালি উল্লাহ আরমান, মাহমুদুল হাসান ও আলতাফ হোসাইন।