
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিষয়ে আদালতে আপত্তি জানিয়েছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। এজাহারে থাকা কয়েকজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় এবং কয়েকজনের নাম না আসায় গতকাল সোমবার সকালে তিনি এই নারাজি আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম নারাজি আবেদন নিয়ে আগামী ৮ জুন শুনানির দিন ধার্য করেন।
অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানির দিন থাকায় সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩২ আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে থেকেই সাত খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ লোক অংশ নেন। নিয়মিত হাজিরা শেষে আসামিদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় প্রিজনভ্যান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, নারাজি আবেদন গ্রহণ করে মামলার তদন্তের ভার সিআইডি ও অথবা অন্য কোনো সংস্থাকে দেওয়ার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কে এম ফজলুর রহমান বলেন, আদালত সেই সঙ্গে অপর মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালকে পরবর্তী তারিখে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার বাদী হয়ে পৃথক মামলা করেন। এ ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল দুটি মামলায় নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত এবং ১৬ জনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ২২ জন কারাগারে রয়েছেন। র্যাবের আট সদস্যসহ ১৩ জনকে পলাতক দেখানো হয়েছে। মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে আটকের পর সেখানেই কারাগারে আটক আছেন।
তবে অপর মামলার বাদী অভিযোগপত্রে সন্তোষ প্রকাশ করেছেন।
নারাজি আবেদনে যা আছে: নারাজি আবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২ ফেব্রুয়ারি নূর হোসেন তাঁর সহযোগী হাজি ইয়াসিন, হাসমত আলী, আমিনুল ইসলাম, আনোয়ার ও ইকবাল হোসেন এলাকায় সশস্ত্র মহড়া দেন। এ সময় ঘোষণা দেন, নজরুল ও তাঁর পরিবারের লোকজনকে যেখানেই পাওয়া যাবে, হত্যা করা হবে। এই পাঁচজনের নাম মামলার এজাহারে থাকলেও তদন্তকারী কর্মকর্তা বাদ দিয়েছেন। এজাহারনামীয় ছয় আসামির মধ্যে সবাই পলাতক হলেও তদন্তকারী কর্মকর্তা শুধু নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেন।
নূর হোসেনের হিসাবরক্ষক হিসেবে খ্যাত আলী মোহাম্মদ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলেছেন, মিজমিজি ২ নম্বর ওয়ার্ডের সিটি করপোরেশনের রাস্তায় কাজ নিয়ে বড় ঝামেলার সৃষ্টি হয়। নূর হোসেনের খালাতো ভাই মোবারক রাস্তার পাশে টিনের ঘর তৈরি করেছিলেন। নজরুল মোবারককে টিনের ঘর সরিয়ে নিতে বললে ঝগড়া শুরু হয়। ওই সময় নূর হোসেন ৪০-৫০ জনকে নিয়ে গুলি ছুড়ে রাস্তার পাশে দোকানপাট ভাঙচুর করেন। ওই দিন নূর হোসেনের বাসায় ফিরে আলী মোহাম্মদ বলেন, ‘নজরুল খুব বাড়াবাড়ি শুরু করেছে। আপনি হুকুম দেন ওকে শেষ করে দেই।’ নূর হোসেন তখন বলেন, ‘এটা আমার ব্যাপার। আমি দেখব।’ এ সময় নূর হোসেনের সঙ্গে তাঁর ভাই নূর ইসলাম, নূর সালাম, জজ মিয়া, নুরুদ্দিন, নুরুল হক, ভাতিজা বাদল বসা ছিলেন। এতে বোঝা যায়, তাঁরা সাতজনকে অপহরণ, হত্যা ও গুমের সঙ্গে জড়িত। কিন্তু তদন্তকারী কর্মকর্তা তাঁদের কাউকে গ্রেপ্তার করেননি।
এই মামলার কয়েকজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন, যাঁরা হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। কিন্তু তাঁদের আসামি না করে সাক্ষী করা হয়েছে।
এ ছাড়া অপহরণ, খুন ও গুমের নেপথ্যে পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতাদের চিহ্নিত করে এবং প্রধান আসামি নূর হোসেনকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করেননি তদন্তকারী কর্মকর্তা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে এজাহারে নাম থাকা আসামিদের নাম আসত।