প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মাদক নিয়ন্ত্রণ মামলায় গ্রেপ্তার এক নারী কয়েদির মৃত্যু হয়েছে। তাঁর নাম সুফিয়া বেগম (৫০)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সদরের কমলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। জেলা কারা তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারী মারা গেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করতে আসা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম শামীমা শারমীন গতকাল বলেন, ওই কয়েদির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।