কয়েনে লেখা ইতিহাস

বেসরকারি সংস্থার কর্মকর্তা প্রবাল দে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। চার দশক ধরে সংগ্রহ করছেন নানা ধরনের মুদ্রা আহমেদ মুনির
গোলাকৃতি রুপার কয়েনের এক পিঠের ওপরের কোনায় খোদাই করা ব্রাহ্মী লিপি, মাঝে গোল বৃত্তের ভেতরে ষাঁড়ের ছাপ, অন্য পিঠে ত্রিশূলের ছবি। সপ্তম শতকের হরিকেল রাজ্যের মুদ্রাটি হাতের তালুতে রাখলেন প্রবাল দে। বললেন, ঐতিহাসিকেরা বলেন, চট্টগ্রামও হরিকেলের অংশ ছিল। এই কয়েনে স্থির হয়ে আছে ১৩০০ বছর আগের চট্টগ্রাম।
বেসরকারি সংস্থার কর্মকর্তা প্রবাল দে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। চার দশক ধরে সংগ্রহ করছেন নানা ধরনের মুদ্রা। গত সোমবার নন্দনকাননে অবস্থিত তাঁর বাসায় গেলে ধাতব মুদ্রায় খোদিত শত শতাব্দীর ইতিহাসই যেন দেখা হলো। গান্ধারা সভ্যতা, হরিকেল রাজ্য, সুলতানি আমল কিংবা দিল্লির সম্রাটের টঁাকশাল থেকে বের হওয়া দুর্লভ সব কয়েন এক এক করে হাজির করছিলেন তিনি। সংগ্রহে আছে পাঁচ হাজারেরও বেশি কয়েন। আছে দেশি–বিদেশি দুর্লভ কাগুজে মুদ্রা ও মেডেল।
পিতলের নটরাজ, রেমিংটন কোম্পানির হাতলওয়ালা অ্যানালগ ক্যালকুলেটর, আফ্রিকার মুখোশসহ বিচিত্র অ্যানটিকে ঠাসা তাঁর ড্রয়িং রুম। সোফা আর ডিভানের মাঝে যে টি-টেবিলটা রয়েছে, সেটিও বার্মাটিকের পুরোনো সিন্ধুক। জানালেন, মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা বিপ্লবী ব্রজেন সেনের বাড়ি থেকে পাওয়া এই টেবিলের বয়সও ১০০ বছরের বেশি। কয়েকটি

বুকেশলফে উঁকি দিচ্ছিল ওয়ার্ল্ড কয়েনস, ওয়ার্ল্ড পেপারমানি, দ্য কয়েনস ফ্রম ইন্ডিয়ান সুলতানসহ আরও অনেক বই।
তাঁর যত কয়েন: প্রবাল দের সংগ্রহে ঠিক কত কয়েন আছে তা চট করে বলতে পারলেন না। কয়েনের হিসাব করতে গিয়ে বললেন, পাঁচ হাজারের বেশি তো আছেই। এসবের মধ্যে একটি বড় অংশ হলো বাংলার স্বাধীন সুলতানি আমল, প্রাচীন গান্ধারা, হরিকেল, বিজাপুর, আরাকান, ত্রিপুরা ও মোগল আমলের কয়েন। পাশাপাশি আছে কেবল চা–বাগানের শ্রমিকদের জন্য তৈরি কয়েন, চট্টগ্রামের ব্যবসায়ীদের নিজস্ব কয়েন ও বাংলাদেশ ব্যাংকের স্মারক মুদ্রা।
আকৃতি ও চেহারা অনুযায়ী কয়েনের বিভিন্ন নাম আছে। যেমন যেসব কয়েনের গায়ে অশ্বারোহীর ছাপ আছে সেসবের নাম ‘হর্সম্যান’, আবার কবিতার পঙ্ক্তি দিয়ে করা কয়েনের নাম ‘কাপলিট’ আর বাঁকানো কয়েনকে বলে ‘ব্যান্ডবার’। এসব কয়েনের মধ্যে কোনটি সংগ্রাহকদের কাছে দামি তা নির্ভর করছে অনেকগুলো শর্তের ওপর। প্রবাল জানালেন, সাধারণত প্রাচীন হলেই যে কয়েনের মূল্য বেড়ে যাবে, তা নয়। এটি নির্ভর করছে কয়েনটি কোন শাসক ছেড়েছেন ও সেটি পাওয়া যায় কি না তার ওপর। পাশাপাশি যদি কোনো কয়েনের সঙ্গে বিশেষ স্থানিক ইতিহাস জড়িয়ে থাকে, সেটাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন দুর্লভ কয়েনের মধ্যে আছে মধ্যযুগে চট্টগ্রামের বণিকদের তৈরি ‘ট্রেড কয়েন’। সে সময় রাষ্ট্রীয় কয়েনের সরবরাহ কমে গেলে চার খলিফার নাম দিয়ে চট্টগ্রামের কিছু ব্যবসায়ী এমন কয়েন ছেড়েছিলেন।

দুর্লভ কয়েনের মধ্যে আছে সম্রাট আকবরের সময়কালের কবিতার পঙ্ক্তিযুক্ত চার কোনা কয়েন কাপলিট, প্রাচীন গান্ধারা সভ্যতার বাঁকানো নৌকা আকৃতির ‘ব্যান্ডবার কয়েন’ ও প্রাচীন ভারতের বিজাপুর রাজ্যের চুলের ক্লিপ আকৃতির ‘লারিন কয়েন’, ত্রয়োদশ শতকের ফকরুদ্দিন মোবারক শাহ, আলাউদ্দিন আলি শাহ, দ্বাদশ শতকের গিয়াস উদ্দিন লোদসহ বাংলার স্বাধীন সুলতানদের অনেক কয়েন। তবে এর মধ্যে সবচেয়ে দুর্লভ কয়েনটি ছিল চতুর্দশ শতকের বাংলার হিন্দু রাজা গণেশের। ধনুজ মর্দন দেব নাম নিয়ে এই শাসক ১৪১৬ থেকে ১৪১৮ শতাব্দী পর্যন্ত রাজত্ব করেছেন। কয়েনে নিজের নাম দিয়ে হিজরি সনের জায়গায় শকাব্দ ব্যবহার করেছিলেন তিনি।
নোটে ক্ষমতার পালাবদল: বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের কাগজের নোট ও স্মারক মুদ্রার সংগ্রহও আছে তাঁর। অ্যালবামে রাখা বাংলাদেশের প্রথম কাগুজে নোট থেকে শুরু করে হাল আমলে প্রকাশিত শেষ নোটটিও আছে। শাসনক্ষমতায় পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে কাগজের নোটেও যে বদল এসেছে তা ধরা আছে এই অ্যালবামে। কাগজের নোটের পাশাপাশি দেখা গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী ও নজরুলের বিদ্রোহী কবিতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের স্মারক কয়েন।
যেভাবে সংগ্রহ: পাঁচ ভাই তিন বোনের সংসারে সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন প্রবাল। ষাটের দশকে অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন জিনসের প্যান্টের সন্ধানে যেতেন পুরোনো কাপড়ের দোকানে। সেখানে প্যান্টের পকেটে একবার পেয়ে যান বিদেশি কয়েন। সে সময় প্রায়ই পুরোনো জামা–কাপড়ের পকেটে কয়েন পাওয়া যেত। পুরোনো কাপড়ের ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করতেন তিনি এসব। মুক্তিযুদ্ধের সময় বোয়ালখালীর মামাবাড়িতে গিয়ে পেলেন কৌটাভর্তি কোম্পানি আমলের কিছু কয়েন। এসবই তাঁর কয়েন সংগ্রহের পেছনে উৎসাহ জুগিয়েছে। তবে সংগ্রাহক হয়ে ওঠেন আরও পরে, পেশাগত জীবনে এসে। চট্টগ্রামের একটি শিল্পগ্রুপের অন্যতম কর্ণধার ছিলেন কয়েন সংগ্রাহক। তাঁর কাছে কয়েনের ডিলাররা আসতেন। সেই

অফিসে চাকরি করতেন প্রবাল। সেখানে ডিলারদের সঙ্গে তাঁর পরিচয়। আর ধীরে ধীরে গড়ে ওঠে সখ্যও। এখন ডিলারদের কাছ থেকে নিয়মিত কয়েন সংগ্রহ করেন। কেবল কয়েন নয়, ব্রিটিশ ভারতের খানবাহাদুর, রায়বাহাদুর, খেতাবসহ নানা মেডেলও সংগ্রহে আছে তাঁর।
সারা জীবনের আয়ের বড় একটি অংশ ব্যয় করেছেন কয়েন সংগ্রহে। করেননি বাড়ি, গাড়ি। তবে তাঁর এই নেশাকে ভালোভাবেই নিয়েছেন পরিবারের সদস্যরা। একজন কবি নতুন কবিতা লিখতে পারলে যে তৃপ্তি পান, প্রবালও নতুন কয়েন সংগ্রহ করে সেই আনন্দ পান। প্রবালের কথা, এই আনন্দই তো শত দুর্বিপাকের মাঝে জুগিয়ে যাচ্ছে বেঁচে থাকার রসদ।