কয়েলের আগুনে পাঁচজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশার কয়েলের আগুনে ঢাকার কেরানীগঞ্জের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। 
দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডরিয়া এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন মোসাম্মৎ রুফিয়া (৫০), তাঁর মেয়ে সালাম আক্তার (২২) ও সোনিয়া আক্তার (১১) এবং তাঁর ছেলে রকি (১৮) ও আকাশ (১৪। তাঁদের মধ্যে রুফিয়া ও রকির অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রুফিয়া এলাকার মো. নাছিরের আধাপাকা বাড়িতে ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে তিনি তাঁর ছেলেমেয়েদের নিয়ে ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে তিনটায় কয়েলের আগুন থেকে তাঁদের ঘরের বিছানায় আগুন লেগে যায়। আগুনে তাঁদের ঘরের প্রায় ৫০ হাজার টাকার মালামালও ক্ষতিগ্রস্ত হয়।
রুফিয়ার প্রতিবেশী মো. রুবেল বলেন, ‘হঠাৎ রাত সাড়ে তিনটায় কাপড় পোড়া গন্ধ পাই। বেরিয়ে দেখি, রুফিয়াদের ঘরে আগুন লেগেছে। পরে আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করি। পরে ঘরের সবাইকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাই।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন মীর প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে ওই ঘরটিতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ব্যাপারে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।