সদ্য শেষ হওয়া অর্থবছরে গৃহকর (হোল্ডিং ট্যাক্স) খাতে লক্ষ্যমাত্রার মাত্র সাড়ে ২৯ শতাংশ আদায় করতে পেরেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। অথচ এটি করপোরেশনের রাজস্ব আয়ের প্রধান খাত। গৃহকর বাবদ বিদায়ী অর্থ বছরে (২০১৪-১৫ সাল) আদায় হওয়ার কথা ছিল ৩০৩ কোটি ৮০ লাখ টাকা। হয়েছে ৮৯ কোটি ৫২ লাখ টাকা।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এর আগের অর্থ বছরে (২০১৩-১৪ সাল) গৃহকর খাতে আদায় হয়েছিল ৮৪ কোটি ৩৪ লাখ টাকা। আদায় করার কথা ছিল ৩০১ কোটি টাকা। গৃহকর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় নগর উন্নয়নে পর্যাপ্ত অর্থ জোগান দেওয়া সম্ভব হয় না বলে জানান করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক।
গত ২৫ মে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় রাজস্ব আদায় কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। কয়েকজন কর্মীকে ভর্ৎসনাও করেন তিনি।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে ব্যক্তিমালিকানাধীন হোল্ডিংয়ের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ২৫৪টি। এসব হোল্ডিংয়ের বিপরীতে গত অর্থবছরে করপোরেশনের পাওনা ছিল ১০৭ কোটি ৮১ লাখ টাকা। কিন্তু আদায় হয়েছে ৪৪ কোটি ৯৫ লাখ টাকা।
অন্যদিকে সরকারি এক হাজার ৬৫০টি প্রতিষ্ঠানের (হোল্ডিং) কাছে ১৯৫ কোটি ৯৫ লাখ টাকা পাওনা হলেও আদায় করা গেছে ৪৪ কোটি ৫৬ লাখ টাকা। পাওনা আদায়ে সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ মনজুর আলম গত বছরের ২৩ নভেম্বর গৃহকর পরিশোধের জন্য ২৮টি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলেন। কিন্তু মন্ত্রণালয় এসব চিঠির জবাব বা কর পরিশোধ কোনোটিই করেনি বলে করপোরেশনের রাজস্ব বিভাগের এক কর্মকর্তা জানান।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকারি সংস্থাগুলোর কাছে বিপুল পরিমাণ গৃহকর বকেয়া রয়েছে। সংস্থাগুলো নিয়মিত কর পরিশোধ করলে আদায়ের হার ৮০ শতাংশ ছাড়িয়ে যেত। তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন হোল্ডিংয়ের কাছ থেকে পাওনা আদায়ে ওয়ারেন্ট নোটিশ জারি করা হয়েছে। এতে গত বছরের তুলনায় গৃহকর আদায় বেশি হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, গৃহকর আদায়ে অর্থবছরের শেষের দিকে তৎপর হয় করপোরেশন। সর্বোচ্চ কর খেলাপি ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা করা হয়। এর মধ্যে বেসরকারি খাতে রয়েছে ৫৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। আর সরকারি খাতে এই সংখ্যা ৪৪।
করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয় ১৭০ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে আদায় হয়েছে ১৮১ কোটি টাকা। আগের বছরের তুলনায় বিদায়ী অর্থবছরে ১১ কোটি টাকা বেশি আদায় হলেও গৃহকর খাতের মতো রাজস্ব আদায়ের অন্য তিনটি খাতেও লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি। এর মধ্যে ট্রেড লাইসেন্স খাতে ১১ কোটি ৩৮ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে নয় কোটি টাকা। সাইনবোর্ড খাতে আদায় হয়েছে দুই কোটি ৬৭ লাখ টাকা। অথচ লক্ষ্যমাত্রা ছিল সাড়ে সাত কোটি টাকা। এ ছাড়া করপোরেশনের ভূ-সম্পত্তি খাতে ৪১ কোটি টাকা আদায়ের কথা থাকলেও হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ টাকা।