চট্টগ্রাম সিটি করপোরেশন গৃহকর হিসেবে ব্যক্তিগত বাসাবাড়ি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে পাবে ৫০৪ কোটি টাকা। কিন্তু এই কর আদায়ের পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মনে করছেন করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা।চলতি অর্থবছরের প্রথম চার মাসে কর আদায় হয়েছে ৪০ কোটি টাকা। অর্থাৎ মাসে গড়ে কর আদায় হচ্ছে মাত্র ১০ কোটি টাকা। এ গতিতে আদায় হলে বছর শেষে কর আদায়ের পরিমাণ দাঁড়াতে পারে ১২০ কোটি টাকা। এত কম রাজস্ব আদায় হলে সিটি করপোরেশনে চরম অর্থসংকট দেখা দিতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।এই আশঙ্কার কথা জানানো হয় গত সোমবার দুপুরে অনুষ্ঠিত সিটি করপোরেশনের এক বৈঠকে। মেয়র এম মন্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, সচিব মো. সামসোদ্দোহা ও প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি যেসব প্রতিষ্ঠানের কাছে সিটি করপোরেশনের বিপুল পরিমাণ অর্থ পাওনা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। মেয়র ওই বৈঠকে বলেছেন, যেসব কর্মকর্তা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তাঁদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবেন, তাঁদের পদাবনতি করা হবে।এ প্রসঙ্গে মন্জুর আলম প্রথম আলোকে বলেন, অর্থবছরের প্রায় অর্ধেক চলে গেছে। অথচ রাজস্ব আদায় সন্তোষজনক নয়। তাই আজ (সোমবার) বৈঠক করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকজন কর্মকর্তাকে সতর্কও করা হয়েছে। তিনি আরও বলেন, বন্দর ও রেলওয়েসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা মোটা অঙ্কের টাকা আদায়ের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রায় তিন ঘণ্টার বৈঠকে বলা হয়, গৃহকর হিসেবে এককভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে বকেয়া রয়েছে প্রায় ৩৪০ কোটি টাকা। এ ছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সিটি করপোরেশনের পাওনা ৫৪ কোটি টাকা। বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ি থেকে বকেয়া রয়েছে আরও ৭১ কোটি ৪১ লাখ টাকা। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কাছে আট কোটি ৮৩ লাখ টাকা, বাংলাদেশ রেলওয়ের কাছে ৫৫ কোটি ১১ লাখ এবং চট্টগ্রাম স্টিল মিলসের কাছ থেকে ছয় কোটি ৯৭ লাখ টাকা পাওনা রয়েছে।বৈঠকে অর্থ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সিটি করপোরেশনের সাড়ে ৩০০ কোটি টাকা পাওনা আছে, এ কথা ১৫ বছর ধরে শুনে আসছি। কিন্তু আদায়ের কোনো কার্যকর ব্যবস্থা হয়নি।’ এ ব্যাপারে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে শিগগির বৈঠকের উদ্যোগ নিতে তিনি মেয়রের কাছে অনুরোধ করেন।অর্থ স্ট্যান্ডিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে বন্দর থেকে সাড়ে ৩০০ কোটি টাকা পাব। কিন্তু চট্টগ্রামে বন্দর পরিচালনার যে কমিটি আছে, তারা ২৪ কোটি টাকার বেশি দিতে চাই না। এ জন্য আমি বৈঠকে প্রস্তাব করেছি মেয়রের সঙ্গে মন্ত্রীর বৈঠকের জন্য।’ জানা গেছে, বৈঠকে জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সিটি করপোরেশনে চাকরিজীবী ব্যক্তিদের বেতন-ভাতা, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের জন্য অধিক অর্থ ব্যয় হচ্ছে। ফলে সিটি করপোরেশনের অভ্যন্তরীণ আয়ও বাড়াতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও চট্টগ্রাম সিটি করপোরেশনকে অভ্যন্তরীণ আয় বাড়ানোর জন্য বলেছে। ফলে দুই বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম শহরের গৃহকর পুনর্মূল্যায়ন করে সিটি করপোরেশন। এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাওনার পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। কিন্তু এ পাওনার বিপরীতে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আদায় করা হয়েছে মাত্র ৩০ কোটি টাকা। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বন্দর থেকে ১২ কোটি টাকা পাওয়া যায়।স্থানীয় সরকার মন্ত্রণালয়ও চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য থোক বরাদ্দ কমিয়ে দিয়েছে। গত বছর মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছিল ১৭ কোটি টাকা। এ বছর তা আট কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।