বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে গৃহকর হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাওনা ৫০৪ কোটি টাকা। এর বিপরীতে নভেম্বর পর্যন্ত গত এক বছরে আদায় হয়েছে ২৬ কোটি টাকা, যা পাওনার মাত্র ৫ শতাংশ। কর আদায় বাড়ানো না গেলে ভবিষ্যতে করপোরেশনের রুটিনকাজ চালানো, এমনকি বেতন নিয়েও সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মো. শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আদায় বাড়াতে আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।’জানা যায়, সিটি করপোরেশনের গৃহকর আদায় বাড়াতে এক বছর আগে চারটি করাঞ্চলকে ভেঙে আটটিতে পরিণত করা হয়। চারজন কর কর্মকর্তার স্থলে আটজন এবং ১১ জন উপকর কর্মকর্তার স্থলে ৩৭ জনকে উপকর কর্মকর্তা করা হয়। কিন্তু দেখা যায়, তার পরও আগের বছরের চেয়ে রাজস্ব আদায় দুই কোটি টাকা কমেছে। গত বছরের নভেম্বর পর্যন্ত আদায়ের পরিমাণ ছিল ২৮ কোটি ৪২ লাখ টাকা। এ বছরের নভেম্বর পর্যন্ত আদায় ২৬ কোটি ২৫ লাখ টাকা। চট্টগ্রামে মোট হোল্ডিংয়ের পরিমাণ প্রায় এক লাখ ৪২ হাজার টাকা।১৮ ডিসেম্বর মেয়র মোহাম্মদ মন্জুর আলম রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। তিনি ৩০ ডিসেম্বরের মধ্যে বকেয়া রাজস্বের ৫০ শতাংশ আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়ে বলেন, এই পরিমাণ কর আদায়ে ব্যর্থ হলে কর্মকর্তাদের পদাবনতি করা হবে।এ প্রসঙ্গে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘যাঁরা কাজে গতিশীল হবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের বেতন-ভাতাসহ অনেক উন্নয়নকাজ রাজস্ব আদায়ের ওপর নির্ভরশীল।’জানা যায়, গৃহকর আদায় বাড়ানোর লক্ষ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম শহরের বাসাবাড়ির পরিমাপ পুনর্মূল্যায়ন করা হয়। এতে মোট গৃহকরের পরিমাণ দাঁড়ায় বছরে ১২৫ কোটি ৭৭ লাখ টাকা। এর বাইরে বিগত বিভিন্ন বছরের সরকারি প্রতিষ্ঠানগুলোর গৃহকর বকেয়া রয়েছে ৪১৯ কোটি ৩০ লাখ টাকা এবং বেসরকারি বকেয়া ৮৫ কোটি টাকা।হঠাৎ করে রাজস্ব আদায় কমে যাওয়ার একাধিক কারণ রয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। রাজস্ব বিভাগে কর আদায়কারী নিয়োগ না নিয়ে চারজন কর আদায়কারীকে সরাসরি কর কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। উপকর কর্মকর্তা হিসেবে অনেকে পদোন্নতি পাওয়ায়ও মাঠপর্যায়ের আদায়কারী কমে গেছে। জ্যেষ্ঠদের বাদ দিয়ে অনেক কনিষ্ঠদের পদোন্নতি দেওয়ার কারণেও কর আদায়ের ক্ষেত্রে অনেকের স্পৃহা কমে গেছে বলে একাধিক কর আদায়কারী দাবি করেন। তা ছাড়া দৈনিক ভিত্তিতে কর আদায়কারীর কাছে কর দিতে অনেক বাড়ির মালিক ভরসা পাচ্ছেন না। কর আদায় কমে যাওয়ার এটাও একটি কারণ বলে জানা গেছে। বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনে যে কয়জন কর আদায়কারী আছেন, তার ৯০ শতাংশই দৈনিক ভিত্তিতে কর্মরত। মাত্র ১০ শতাংশ স্থায়ী চাকরিজীবী।