কর আদায়ে ইউপি চেয়ারম্যানের বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ট্যাক্স (কর) আদায় করতে আমরা বাধ্য। সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে চাপ প্রয়োগ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ ইউনিয়নবাসীর কাছে ট্যাক্স অনাদায়ী থাকায় এখানকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।’ সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওই বার্তা পাঠিয়েছেন ইউনিয়নের ৪৮টি জামে মসজিদের ইমামদের কাছে। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে সংশ্লিষ্ট মসজিদের ইমামেরা বার্তাটি পড়ে মুসল্লিদের শোনান। ইউনিয়নের বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রাম জামে মসজিদের ইমাম মো. জাকির হোসেন বলেন, এক ইউপি সদস্য তাঁর কাছে এ চিঠি পৌঁছে দিয়েছেন। সেলবরষ ইউপির চেয়ারম্যান মো. আলী আমজাদ বলেন, ‘দীর্ঘ দিন ধরে এ ইউনিয়নে কর আদায় হয় না। বিগত সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনসমর্থন হারাবেন—এ আশঙ্কায় কর আদায়ে নিরুৎসাহিত ছিলেন। আমি এটি বিশ্বাস করি না। তাই এলাকার জনগণের উন্নয়নে কর আদায়ের এ উদ্যোগ নিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যানের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। জনগণ ইউনিয়ন পরিষদে কর দিলে ইউনিয়নগুলোতে উন্নয়ন ত্বরান্বিত হবে।