কর আদায়ে সফল নাগরিক সেবায় ব্যর্থ
চাঁদপুরের মতলব পৌরসভার যাত্রা শুরু ১৯৯৮ সালে। গত প্রায় ১৮ বছরেও রাস্তাঘাট, পানিনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বিদ্যুৎ সরবরাহসহ অন্যান্য নাগরিক সুবিধার তেমন উন্নতি হয়নি। পৌর কর্তৃপক্ষ কর আদায়ে সফল হলেও সেবায় অনেকটাই ‘বিফল’।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজশিক্ষক কামাল হোসেন বলেন, পৌরসভার প্রায় সব সড়কের পাশে নালা নেই। বৃষ্টি হলেই সড়ক ও আশপাশের এলাকায় পানি আটকে থাকে। এতে ভোগান্তি হয় পৌরবাসীর। শহরে এখনো বাস ও অটোরিকশাস্ট্যান্ড গড়ে ওঠেনি। স্থাপিত হয়নি গণশৌচাগার। অনেক এলাকায় গ্যাস-বিদ্যুৎ পৌঁছায়নি। সড়কগুলোর অবস্থা বেহাল। সেবা না পেলেও বছর বছর ঠিকই কর দিতে হচ্ছে। কর আদায়ে তারা (পৌর কর্তৃপক্ষ) সফল হলেও সেবা দেওয়ার ক্ষেত্রে অনেকটা বিফল।
মতলব পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, ৪১ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভার বাসিন্দা ৮০ হাজার ৪৫০ জন। ভোটার ৪০ হাজারের বেশি। ২০০৫ সালে এটি ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়।
পৌর কার্যালয় সূত্র আরও জানায়, চলতি অর্থবছরে আগের বকেয়াসহ পৌরকর আদায় হয়েছে ৫৩ লাখ ৮৩ হাজার ৮৩৮ টাকা। এ বছর ১৫ লাখ টাকার কর আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, আদায় হয় তার ৯০ শতাংশ। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান থেকে শতভাগ এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে আদায় হয় প্রায় ৮০ শতাংশ কর। দুই খাতে গড়ে আদায় হয়েছে ৯০ শতাংশ কর।
মতলব পৌরসভার প্রকৌশলী নুরুল আলম বলেন, পৌরসভার কাঁচা-পাকা সড়ক ৪৮ কিলোমিটার। কাঁচা ৩০ কিলোমিটার এবং পাকা সড়ক ১৮ কিলোমিটার। পাকা ১৮ কিলোমিটারের মধ্যে ৩ কিলোমিটার সড়ক মোটামুটি ভালো। ১৫ কিলোমিটারের অবস্থা নাজুক। তিনি আরও বলেন, বরাদ্দের অভাবে পাকা সড়ক সংস্কার এবং কাঁচা সড়কগুলোর উন্নয়ন করা যাচ্ছে না।
পৌরসভার কর্মচারী আনিসুর রহমান বলেন, শহরে ১৩ হাজার গ্রাহকের (হোল্ডিং নম্বরধারী) মধ্যে পানির সুবিধা (লাইন) পেয়েছেন ৪৯৫ জন। ১২ হাজার ৬০৫ জন পানির সুবিধা পাননি।
মেয়র এনামুল হক বলেন, বরাদ্দের অভাবে পৌরসভার প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হয়নি। বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।