কর কর্মকর্তা ও হজ এজেন্সি মালিকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার (শুল্ক ও আবগারি) মইনুল ইসলাম এবং হজ এজেন্সি অরিয়ন এয়ার সার্ভিসের মালিক মো. শাকিলের বিরুদ্ধে আজ মঙ্গলবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মইনুল ইসলামের বিরুদ্ধে দুদকের উপপরিচালক এস এম গোলাম মওলা সিদ্দিকী রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলার এজাহার বলা হয়েছে, বেনাপোল স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার (বরখাস্তকৃত) মইনুল ইসলাম মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ৩১তম বিসিএস পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় কৃতকার্য হয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে চাকরি পাওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার পোষ্য কোটার সুবিধা নেন। তাঁর পিতা আব্দুস ছামাদ মুক্তিযোদ্ধা না হলেও চাকরিতে যোগ দেওয়ার সময় মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন ছনকা গ্রামের আব্দুস ছামাদ নামের একজনের মুক্তিযোদ্ধা সনদ জমা দেন তিনি।

এদিকে হজে যেতে ইচ্ছুক কয়েকজনের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অরিয়ন এয়ার সার্ভিসের (লাইসেন্স নম্বর-১৮৮) মালিক মো. শাকিলের বিরুদ্ধে মামলা করেছেন দুদকের উপসহকারী পরিচালক আজিজুল হক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৪ সালে প্রতিষ্ঠানটি হজে পাঠানোর নাম করে হজে যেতে ইচ্ছুক ১৮ জনের কাছ থেকে ৩৪ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।