
নওগাঁ পৌরসভার সম্প্রসারণ করা হয়েছে ২৬ বছর আগে। তবে বর্ধিত অংশের বাসিন্দারা রাস্তাঘাট, বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগসুবিধা থেকে বঞ্চিত।
এ বিষয়ে পৌরসভার মেয়র নজমুল হক সনি বলেন, পানির পাইপলাইনের একটা প্রকল্প ইতিমধ্যে পাওয়া গেছে। আরও ১০টি প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে। আগের প্রকল্পের কাজ বুধবার শুরু হবে। আর শহরের ১৩টি রাস্তার সংস্কারকাজও শিগগিরই শুরু করা হবে।
পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৬৩ সালে এই পৌরসভা চালু হয়। তখন উকিলপাড়া, মাস্টারপাড়া, পারনওগাঁ, চকদেবপাড়া, হাটনওগাঁ, কালীতলা, ধর্মতলা ও কাজিপাড়া ছিল পৌরসভার অন্তর্ভুক্ত। ১৯৮৯ সালে আরও কিছু এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত হয়। এসব এলাকা হচ্ছে—রজাকপুর, শেখপুরা, বোয়ালিয়া, জগৎসিংহ, খালিশকুড়ি, ভবানীপুর, সুলতানপুর জেলেপাড়া, কোমাইগাড়ি, বরুনকান্দি, শিবপুর, চকবাড়িয়া ও চকরাম চন্দ্র গ্রাম। পুরো পৌরসভায় প্রায় দেড় লাখ লোকের বসবাস। এর মধ্যে সম্প্রসারিত অংশে বসবাস করে প্রায় ৫০ হাজার মানুষ।
পৌরসভার সম্প্রসারিত এলাকায় গিয়ে দেখা যায়, কোথাও পানির সংযোগ নেই। নলকূপ বা পুকুরের পানি ব্যবহার করছেন বাসিন্দারা। নেই কোনো পয়োনিষ্কাশনের ব্যবস্থা। বেশির ভাগ এলাকার রাস্তা কাঁচা। পাকা রাস্তা থাকলেও খানাখন্দে সেসবও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা আছে, কিন্তু নেই সড়কবাতি।
আবার পানির লাইন ও সড়কবাতি থাকলেও পৌরসভার কালীতলা, চকদেবপাড়া, উকিলপাড়া, সুলতানপুরের রাস্তার অবস্থা বেশ খারাপ। এর বেশির ভাগই ভেঙে গেছে। কোথাও দু-তিন কিলোমিটার দীর্ঘ রাস্তায় সব কার্পেটিং উঠে গেছে।
বর্তমানে ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত শেখপুরার বাসিন্দা সোহেল রানা বলেন, ‘উকিলপাড়া, কাজীপাড়ার বাসিন্দাদের সমানই কর দিচ্ছি। অথচ, বিদ্যুৎ বাদে কোনো সুবিধাই পাচ্ছি না। পাঁচ বছর ধরে শুনছি, পানির লাইন আসছে। কিন্তু এখনো আসেনি। ড্রেনের কথা বারবার বলেও কোনো কাজ হচ্ছে না।’
৩ নম্বর ওয়ার্ডের তামাইগাড়ি এলাকার বাসিন্দা ময়েন উদ্দীন বলেন, খরার সময় এলাকার নলকূপে পানি ওঠে না। যাদের বাড়িতে বৈদ্যুতিক মোটর আছে, তারা পানি পায়। কিন্তু যারা দরিদ্র, তাদের অনেক দূর থেকে সেচের জন্য ব্যবহার করা গভীর নলকূপের পানি ব্যবহার করতে হয়।
৫ নম্বর ওয়ার্ডের কালীতলার বাসিন্দা জয়ন্ত প্রামাণিক বলেন, সাত বছর ধরে কালীতলা থেকে নাপিতপাড়া পর্যন্ত দু কিলোমিটার রাস্তাটির সংস্কার হয় না। এলাকাবাসী পৌর মেয়রের কাছে আবেদন করেও ফল পায়নি। অথচ এটি খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা। রানীনগর এলাকার সব লোকজন এই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করেন। রাস্তার অবস্থা এতই খারাপ যে ভয়ে কেউ অটোরিকশাতেও উঠতে চায় না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরু দাস দত্ত বলেন, ‘রাস্তাঘাট সংস্কারের জন্য কিছু প্রকল্প আমাদের হাতে রয়েছে। কালীতলা ও চকদেবপাড়ার রাস্তা সংস্কারের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় একটি প্রকল্প শিগগির হওয়ার কথা। প্রকল্প হলেই কাজ শুরু করব। এ ছাড়া পানি সরবরাহের জন্য ১০ কিলোমিটার পাইপলাইনের একটি প্রকল্প সরকার থেকে পাওয়া গেছে। দেশের ৩৭ জেলা শহরের পানি সরবরাহ প্রকল্পের আওতায় এই ১০ কিলোমিটার প্রকল্প পাওয়া গেছে।
পৌর পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়ক উপসহকারী প্রকৌশলী নিজামুল হক বলেন, পৌরসভার বর্ধিতাংশে পানি সরবরাহের জন্য তেমন কোনো প্রকল্প আপাতত নেই। তবে ১০ কিলোমিটার পাইপলাইনের যে প্রকল্প হয়েছে তার চার কিলোমিটার নতুন সংযোগের চিন্তাভাবনা চলছে।