কর না দেওয়া টিআইএনধারীদের কাছ থেকে কর আদায়ের সুপারিশ
যেসব টিআইএনধারী কর দেন না, তাঁদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সরকারের রাজস্ব আদায় বাড়াতে এ সুপারিশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর না-দেওয়া টিআইএনধারীদের কাছ থেকে কর আদায়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি জাতীয় কমিটি অথবা টাস্কফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশে ৫০ থেকে ৬০ লাখ টিএনআইধারী আছেন। কিন্তু কর দেন মাত্র ১০ লাখ লোক। দেশের রাজস্ব বাড়াতে এঁদের করের আওতায় আনতে হবে।
আবদুর রাজ্জাক জানান, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের রাজস্ব আয় কম। তিনি বলেন, বিদেশে বাড়ি কেনাসহ বিভিন্নভাবে দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। এই পাচার বন্ধে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভাপতি জানান, ব্যাংকে রিজার্ভের রেকর্ড সৃষ্টি হলেও দেশে বিনিয়োগ নেই। ব্যাংকের সুদের হার চড়া বলে কেউ ঋণ নিতে চান না। কমিটি সুদের হার কমানোর সুপারিশ করেছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটি স্কুল-কলেজকে এমপিওভুক্ত করতে আসন্ন বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করেছে। মন্ত্রী বলেছেন, এই খাতে যাতে অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঢালাও এমপিওভুক্ত করা হয়েছিল। এতে সরকারকে অনেক টাকা গচ্চা দিতে হচ্ছে। তাই নতুন করে এমপিওভুক্তির আগে এ-সংক্রান্ত নীতিমালা পরিবর্তন করতে হবে।
আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ আবদুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও আখতার হোসেন অংশ নেন।