বকেয়া কর আদায়কে আয়ের মূল খাত দেখিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০১২-১৩ অর্থবছরের মোট ৯৬০ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার নগরের আন্দরকিল্লায় নগর ভবনের সম্মেলনকক্ষে বাজেট ঘোষণা করেন চসিকের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।প্রস্তাবিত বাজেটে তিন ধরনের কর বাবদ মোট আয় ধরা হয়েছে ৬৩১ কোটি ৫১ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে বকেয়া কর ও অভিকর খাতে সর্বোচ্চ ৪৩০ কোটি দুই লাখ দুই হাজার টাকা আয় ধরা হয়েছে। হাল কর ও অভিকর খাতে ১২৪ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার এবং অন্যান্য কর বাবদ ৭৭ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা আয় ধরা হয়েছে।প্রসঙ্গত, গত অর্থবছরে (২০১১-১২) তিন ধরনের করে মোট আয় ধরা হয়েছিল ৫৬১ কোটি ১২ লাখ ১১ হাজার টাকা। গত অর্থবছরের সংশোধিত বাজেট অনুসারে ওই তিন ধরনের আয়কর বাবদ চসিকের আয় হয়েছে ১৬৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বকেয়া কর খাতে ৩৫২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৩৫ কোটি ৭৫ লাখ টাকা।গতকাল লিখিত বাজেট-বক্তব্যে মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘প্রস্তাবিত বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে আয়-ব্যয়ের ব্যবধান হ্রাস করে কোষাগারের ঘাটতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা। পাশাপাশি উন্নয়নের বিকাশ ঘটিয়ে নগরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বসবাসযোগ্য ও শান্তির নগরে পরিণত করা।’লিখিত বক্তব্যে মেয়র আরও বলেন, ‘সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে অনাদায়ী সবচেয়ে বড় সংস্থা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে সার চার্জসহ বকেয়ার পরিমাণ ৩৩৯ কোটি ৫০ লাখ টাকা।’বাজেট-বক্তব্যের পর বকেয়া কর আদায়ে উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে মেয়র মন্জুর আলম বলেন, ‘বন্দরের চেয়ারম্যানের সঙ্গে গতকালও (বুধবার) দেখা করে বকেয়া টাকার মধ্যে ৩০০ কোটি টাকা চেয়েছি। ওই টাকা পাওয়া গেলে চসিকের নিজস্ব অর্থায়নে বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ নতুন খালটি খনন করা হবে। এটি বাস্তবায়িত হলে বহদ্দারহাট-মুরাদপুর এলাকার জলাবদ্ধতা ৫০ শতাংশ কমে যাবে।’গতকাল নতুন অর্থবছরের বাজেটের পাশাপাশি ২০১১-১২ অর্থবছরের ৩৬০ কোটি ২৩ লাখ ৮৫ হাজার টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়। ওই অর্থবছরে মোট ৯১৫ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।গতকালের বাজেটে উন্নয়ন অনুদান খাতে ২১৩ কোটি টাকা আয় দেখানো হয়েছে। এ ছাড়া অন্যান্য উৎস থেকে ২৬ কোটি ৭৫ লাখ টাকা আয় ধরা হয়। ঘোষিত বাজেটে নগরের উন্নয়ন খাতে সর্বোচ্চ ৪৮৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। গত অর্থবছরের (২০১১-১২) বাজেটে উন্নয়ন খাতে ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় ধরা হলেও খরচ হয়েছিল ১০৯ কোটি ৪৫ লাখ টাকা। এবারের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন, ভাতা ও পারিশ্রমিক খাতে ১৪০ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।বাজেট অধিবেশনে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, প্রধান হিসাব কর্মকর্তা নারায়ণ চন্দ্র নাথ, চসিকের অর্থ ও সংস্থাপনবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম, চসিকের সচিব মো. সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।