কর-ন্যায়পাল বিষয়ক বিল নিয়ে টিআইবির উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর-ন্যায়পাল আইন রহিতকরণ বিল জাতীয় সংসদে উত্থাপিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সংসদে উত্থাপিত বিলের বিষয়ে যুক্তি দিয়ে বলা হয়েছে, কর-ন্যায়পাল আইন ও বিধিমালার সঙ্গে করসংক্রান্ত আইনগুলোর সাংঘর্ষিক বিষয় রয়েছে। সাংঘর্ষিক বিষয় দূর না করে ন্যায়পাল আইন রহিত করা মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার শামিল। বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে উদ্ধৃত করে বলা হয়, সংসদে উত্থাপিত বিলটির পক্ষে আরও যে যুক্তি দেখানো হয়েছে, তা-ও গ্রহণযোগ্য নয়। কেননা বলা হচ্ছে, কর-ন্যায়পাল আইন ও বিধিমালার আওতায় সুপারিশ বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকায় প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে পড়ে। সে ক্ষেত্রে সরকার কর আদায় ও কর প্রশাসনে স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠায় যদি অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে প্রতিষ্ঠানটির আইনি সংস্কার করতে পারে। এটি বন্ধ করা যৌক্তিক নয়।