কর ন্যায়পালের পদ বিলুপ্ত করার ইঙ্গিতে টিআইবির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে সম্প্রতি গণখাতে ক্রয় (সংশোধন) বিল, ২০১০ পাস হওয়ায় এবং অর্থমন্ত্রী সাংবিধানিক কর ন্যায়পালের পদ বিলুপ্ত করার ইঙ্গিত দিয়ে বক্তব্য দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গণখাতে ক্রয় সংশোধন বিলে দুই কোটি টাকা পর্যন্ত সরকারি ক্রয়ের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করা হয়েছে।গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংসদে গণখাতে ক্রয় (সংশোধন) বিল পাসের সিদ্ধান্ত সরকারি ক্রয় খাতে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব এবং স্বার্থের দ্বন্দ্বের সুযোগ সৃষ্টি করবে। এটি সরকারের দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টি করবে, প্রকল্প বাস্তবায়নসহ সরকারি ক্রয়ের ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা ব্যাহত হবে। এর ফলে সরকারি ক্রয়ের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতার মাপকাঠি গুরুত্ব হারাবে এবং সিদ্ধান্ত গ্রহণে বস্তুনিষ্ঠতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হবে।টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সাংবিধানিক কর ন্যায়পালের পদ বিলুপ্ত করার ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী সম্প্রতি বক্তব্য দিয়েছেন। সংবিধানের ৭৭ ধারা অনুযায়ী ও ন্যায়পাল আইন ১৯৮০ অনুযায়ী ২০০৬ সালে কর ন্যায়পাল নিয়োগ দেওয়া হলেও এর বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। বাস্তবায়নের যথাযথ উদ্যোগ না নিয়ে পদটি বিলুপ্ত করা হলে তা হবে অপরিণামদর্শী। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। এ পদটি বাতিল করা হলে সাংবিধানিক ন্যায়পাল পদ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হবে এবং কর ব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি প্রতিষ্ঠার পথ রুদ্ধ হবে। ইফতেখারুজ্জামান বলেন, ‘সাংবিধানিক অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক হিসেবে যখন কর ন্যায়পালকে শক্তিশালী করাসহ অন্য সব সেবামূলক খাতে ন্যায়পাল নিয়োগ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে, তখন একতরফাভাবে প্রতিষ্ঠানটি বিলুপ্ত করার ইঙ্গিতে আমরা বিস্মিত।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্বার্থে কর ন্যায়পাল পদ বিলুপ্ত করার আগে সংসদ ও নাগরিক সমাজসহ সর্বস্তরে ব্যাপক আলোচনা জরুরি।