কর পরিশোধ না করায় শতাধিক দোকানে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর পরিশোধ না করায় লক্ষ্মীপুরের রায়পুর শহরের গাজী কমপ্লেক্সের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনের নির্দেশে গতকাল সোমবার দুপুরে এসব তালা দেওয়া হয়।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, গাজী কমপ্লেক্সে তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে গত ছয়-সাত বছরের প্রায় ২০ লাখ টাকা কর বকেয়া রয়েছে। কর পরিশোধ করতে পৌর কর্তৃপক্ষ একাধিকবার ব্যবসায়ীদের তাগাদা দেয়। কিন্তু ব্যবসায়ীরা আমলে নেননি। এই প্রেক্ষাপটে গতকাল পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ টি এম সাদেক, প্রশাসক (পরিচালক) রিনা রানী রায় ও কর আদায়কারী এজাজ হোসেন কর্মচারীদের নিয়ে কমপ্লেক্সের শতাধিক দোকানে তালা দেন। এর মধ্যে অধিকাংশই তৈরি পোশাক বিক্রির ও প্রসাধনসামগ্রীর দোকান।
এ বিষয়ে জানতে চাইলে পৌর কর আদায়কারী এজাজ হোসেন প্রথম আলোকে বলেন, নোটিশ দেওয়ার পরও ব্যবসায়ীরা কর পরিশোধ করেননি। এ জন্য মেয়রের নির্দেশে তাঁরা দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন।
গাজী কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক গাজী মাহমুদ কামাল বলেন, বিনা নোটিশে হঠাৎ তালা দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি প্রশাসনিক কর্মকর্তাদের জানানো হয়েছে।
গতকাল রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দোকানগুলোতে তালা ঝুলছিল।
পৌরসভার মেয়র ইসমাইল খোকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা রিনা রানী রায় বলেন, কর পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার বিধান রয়েছে। কর আদায়ের লক্ষ্যে এটি করা হয়েছে।