কর পরিশোধের তোড়জোড়!
নির্বাচনের তফসিল ঘোষণার পর হঠাৎ করে জয়পুরহাটের কালাইয়ে পৌর কর পরিশোধের হিড়িক পড়েছে। গত কয়েক দিনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুক ও তাঁদের প্রস্তাবক-সমর্থক মিলে অন্তত ২০০ ব্যক্তি কর পরিশোধ করেছেন। করখেলাপি হলে মনোনয়নপত্র বাতিল হতে পারে—এমন আশঙ্কায় সংশ্লিষ্ট ব্যক্তিরা কর পরিশোধে আগ্রহী হয়ে উঠেছেন বলে জানা গেছে।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, করখেলাপিরা নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এবং মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় কর পরিশোধ-সংক্রান্ত তথ্য ও কর পরিশোধের যাবতীয় কাগজপত্র সংযুক্ত করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে বিধান করে দেওয়া হয়েছে। কেউ করখেলাপি হলে তাঁর মনোনয়নপত্র বাতিল হবে। এ জন্যই হয়তো সম্ভাব্য প্রার্থীরা হঠাৎ করে কর পরিশোধে আগ্রহী হয়ে উঠেছেন।কর পরিশোধকারীদের তালিকায় আছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সহসভাপতি হেলাল উদ্দিন মোল্লা, পৌর বিএনপির সহসভাপতি আনিছুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশিদ সরদার, বর্তমান কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রেজাউল করিম, পৌর যুবলীগের সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজ্জাদুর রহমান প্রমুখ।পৌরসভার কর শাখা সূত্র জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীরা শুধু নিজেদের বাসা-বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের কর পরিশোধই করছেন না, তাঁদের স্ত্রী, ছেলেমেয়ে কিংবা পরিবারের অন্য সদস্যদের বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের করও পরিশোধ করছেন। নির্বাচন কমিশন থেকে তফসিল্রঘোষণার পর এ পর্যন্ত অন্তত ২০০ ব্যক্তি বকেয়া পৌরকর্রপরিশোধ করেছেন।কর পরিশোধের বিষয়ে পৌর বিএনপির সহসভাপতি আনিছুর রহমান তালুকদার বলেন, নির্বাচন কমিশন প্রার্থীদের হলফনামায় কর পরিশোধ-সংক্রান্ত তথ্যপ্রদান বাধ্যতামূলক করায় এবং কর পরিশোধের রসিদ মনোনয়নপত্রে সংযুক্ত করে দেওয়ার বিধান করায় পৌরকর পরিশোধ করে রসিদ নিতে হচ্ছে। সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ফেরদৌস হোসেন বলেন, ‘প্রার্থীদের মনোনয়নপত্রে সব ধরনের কর পরিশোধের তথ্য উল্লেখ করার জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনা থাকায় শুধু পৌরকর নয়, ট্রেড লাইসেন্স নবায়ন, আয়কর পরিশোধসহ সব ধরনের কর পরিশোধ করতে হচ্ছে। মনোনয়নপত্রের বৈধতা নিশ্চিত করতে প্রায় এক যুগ আগে পড়ালেখা বাদ দিলেও কলেজের বকেয়া বেতন পরিশোধ করে রসিদ নিতে হয়েছে আমাকে।’কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা বলেন, ‘পৌরসভা অধ্যাদেশ অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা নিশ্চিত করতে প্রার্থী হতে ইচ্ছুক ও তাঁদের প্রস্তাবক এবং সমর্থকেরা হঠাৎ করে পৌরকর পরিশোধে আগ্রহী হয়ে উঠেছেন। আমি নিজেও মেয়র পদে প্রার্থী হচ্ছি বলে তফসিল ঘোষণার পর হালনাগাদ পৌরকর পরিশোধ করেছি।’