জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ জানিয়েছেন, কর প্রদানের পদ্ধতি সংস্কারের মাধ্যমে আরও সহজ করা হবে। বাংলাদেশে যে পরিমাণ নিবন্ধিত করদাতা রয়েছেন, তাঁদের অর্ধেকেরও কম ব্যক্তি নিয়মিত রাজস্ব দেন। সে জন্য করের হার নয়, আওতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। গতকাল শনিবার বিকেলে সিলেট চেম্বার ভবনে জাতীয় রাজস্ববিষয়ে ব্যবসায়ী নেতা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ব্যবসায়ীদের মতামত শুনে নাসির উদ্দীন আহমেদ কর নিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডে স্বয়ংক্রিয় ব্যবস্থা পদ্ধতি চালু হচ্ছে। দ্রুত কাজ করার জন্য এ ব্যবস্থা যুগান্তকারী ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী। স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি ও রাজস্ব আয় বিষয়ে বক্তব্য দেন সিলেটের কর কমিশনার মোহাম্মদ গোলাম নবী, কাস্টমসের কমিশনার মো. সাইফুল ইসলাম, মৌলভীবাজার চেম্বারের সভাপতি এম এ আহাদ, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা। আরও বক্তব্য দেন ঢাকা চেম্বারের সহসভাপতি সেকিল চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি দেলওয়ার হোসেন, কর আইনজীবী সমিতির সহসভাপতি শফিক আহমদ ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের পরিচালক হিজকিল গুলজার।