ভুয়া তথ্য দিয়ে প্রতারণা ও কর ফাঁকি ঠেকাতে অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে একটি চুক্তি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এবিআর)। খবর ইউএনবির।নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলনকক্ষে জাতীয় পরিচয়পত্র বিভাগের পরিচালক মহসিন আলী এবং এনবিআরের প্রথম সচিব এম বদিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার (ইসি) মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।চুক্তি স্বাক্ষর শেষে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো ঘোষণা দেওয়ার আগেই দেশের অনেক প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা শুরু করেছে। বিষয়টি লক্ষ করে তথ্যভান্ডার অনলাইন পরীক্ষা করে দেখতে আমরা দ্রুত সফটওয়্যার তৈরি করেছি। এখন আমরা পুরোপুরি প্রস্তুত।’নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, একজন ব্যক্তির ২২ ধরনের তথ্য নিয়ে তাদের তথ্যভান্ডার তৈরি করা হয়েছিল। শুরু থেকেই অনেক ধরনের ব্যবহারের উদ্দেশ্যে তা তৈরি করা হয়। ব্যক্তিগত তথ্যবিনিময় ও যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে গতকাল রাজস্ব বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি হতে পারে। এখানে দুই ভাগ করা হয়েছে। একটি সরকারি সংস্থা, আধাসরকারি সংস্থা ও অন্যটি বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি সংস্থার মধ্যে বেশির ভাগই মোবাইল ফোন কোম্পানি। তাদের পরিচয়পত্র যাচাইয়ের প্রয়োজন আছে। আমাদের তথ্যভান্ডারের সঙ্গে এসব সংস্থার সদর দপ্তর ও সরকারের বিভিন্ন কার্যালয়ের অনলাইন সংযোগ থাকবে।