কর ফাঁকির মামলায় খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ছয় ব্যক্তির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে এই ছয় ব্যক্তিকে তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। বসুন্ধরার পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম।
মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, আয়কর ফাঁকির ওই মামলায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড কোম্পানি এবং চেয়ারম্যানসহ ছয় ব্যক্তিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ।
আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, আদেশের অনুলিপি পাওয়ার তিন সপ্তাহের মধ্যে ওই ছয় ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
ছয় ব্যক্তি হলেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর ছেলে ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, আহমেদ আকবর সোবহানের স্ত্রী ও পরিচালক আফরোজা বেগম, ছেলে ও পরিচালক সাদাত সোবহান ও সাফায়েত সোবহান এবং অডিটকারী প্রতিষ্ঠান কুদ্দুস অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী এম এম কুদ্দুস।
২০০৭ সালের ২৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা বাদী হয়ে প্রতিষ্ঠান ও সাত ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন। আইনজীবী সূত্র জানায়, মামলায় ২০০৪-০৫ আয়কর বর্ষে ৫ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ১০৯ টাকা, ২০০৫-০৬ করবর্ষে ৭ কোটি ৭২ লাখ ১৯ হাজার ৮০৩ টাকা এবং ২০০৬-০৭ করবর্ষে ৮ কোটি ৪৮ লাখ ১৫ হাজার ৭৪৬ টাকা আয়ের তথ্য রিটার্নে দাখিল না করা এবং এই টাকার প্রযোজ্য কর হিসেবে আট কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩৮৩ টাকা কর ফাঁকির অভিযোগ করা হয়। মামলায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে এক নম্বর আসামি করা হয়। অডিট ফার্মকে দুই ধরনের দুটি প্রতিবেদন দিয়ে আয়কর ফাঁকি দিতে সহযোগিতা করার দায়ে আসামি করা হয়।
আইনজীবী সূত্র জানায়, ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর বিচারিক আদালতের রায়ে প্রতিষ্ঠানকে দুই ধারায় তিন ও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড একত্রে চলবে বলে বলা হয়। রায়ে বলা হয়, কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য হিসেবে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এবং তিন পরিচালক আফরোজা বেগম, সাদাত সোবহান, সাফায়েত সোবহানকে দণ্ড ভোগ করতে হবে।
একই সঙ্গে তাঁদের ৮ কোটি ৩০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের ২২ কোটি ৫ লাখ ৭ হাজার টাকা বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। সহযোগিতা করার দায়ে অডিট ফার্মের স্বত্বাধিকারী এম এম কুদ্দুসকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে ২০১১ সালে আহমেদ আকবর সোবহান আপিল করেন। শুনানি শেষে ২০১১ সালের ২০ জুন হাইকোর্ট রায় দেন। রায়ে ছয়জনের সাজা বাতিল করে আসামিদের খালাস দেওয়া হয়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুটি লিভ টু আপিল করে।