কর ফাঁকির মামলায় জামিন পেলেন মওদুদ
আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।আদালতে মওদুদ আহমদের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।গত রোববার মওদুদ আহমদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-করকমিশনার শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতে মামলাটি করেন।জামিন লাভের পর এক ব্রিফিংয়ে মওদুদ আহমদ অভিযোগ করে বলেন, ‘সরকার আমার বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা করেছে প্রতিহিংসামূলক ও রাজনৈতিক উদ্দেশ্যে।’ সরকার দিগ্বিদিকশূন্য ও ভারসাম্য হারিয়ে ফেলেছে বলেও তিনি মন্তব্য করেন। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মওদুদ আহমদ এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিনিয়ত শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হচ্ছে। সরকার শান্তিতে নয়, সংঘাতে বিশ্বাস করে।’ মওদুদ আহমদ বলেন, ২০০৮ সালের ৩১ আগস্ট তাঁর বিরুদ্ধে এ ধরনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছিল। কিন্তু কার্যবিধির ৪০৩ এবং সংবিধানের ৩৫(২) ধারা অনুসারে একই অপরাধে দ্বিতীয়বার মামলা চলতে পারে না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা রিটে (৭০৩৩/০৮) আদালত ওই মামলায় রুল জারি করেন এবং স্থগিতাদেশ দেন।এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।