কর ফাঁকির মামলায় বাবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দুই কোটি ৬৫ লাখ টাকার আয়কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করে এ পরোয়ানা জারির নির্দেশ দেন। জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেনের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ১৯৯৭ সালে মাস্টার ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন করবর্ষে আয়কর বিবরণীতে আট কোটি ছয় লাখ ৮০ হাজার টাকার তথ্য গোপন করেন। এ ছাড়া তিনি দুই কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার বলেন, বাবর অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বর্তমানে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় রিমান্ডে আছেন। পুলিশ পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দেওয়ার পরই তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।