যশোর পৌরসভার কর বৃদ্ধির প্রক্রিয়া স্থগিত ও নিয়মবহির্ভূত কর্মচারী নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে। পৌর নাগরিক অধিকার আন্দোলন কমিটির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আন্দোলন কমিটির আহ্বায়ক নূর জালাল। এতে বলা হয়, পৌর এলাকার নাগরিকদের কাছ থেকে খাতভিত্তিক কর নেওয়া হলেও খাতভিত্তিক সেবা দেওয়া হচ্ছে না। নাগরিকদের মতামত না নিয়ে পৌর কর্তৃপক্ষ অস্বাভাবিক হারে পৌর কর বাড়িয়ে দিয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, মোটা অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে সম্প্রতি নিয়মবহির্ভূতভাবে পৌরসভায় শতাধিক কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। অর্থবাণিজ্যের জন্য কর্মচারী নিয়োগ দিয়ে মাথাভারী প্রশাসন করলে নাগরিকের স্বার্থ রক্ষা হবে না। এ জন্য অবিলম্বে এ নিয়োগ বাতিল করতে হবে।