চট্টগ্রাম সিটি করপোরেশনে কর মূল্যায়নের ক্ষেত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগে রাজস্ব শাখার দুই কর্মীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাঁদের চিঠির জবাব দিতে বলা হয়েছে।কারণ দর্শানো চিঠি পাওয়া দুই কর্মী হলেন ৬ নম্বর করাঞ্চলের উপকর কর্মকর্তা নুরুল আলম ও ৭ নম্বর করাঞ্চলের প্রধান সহকারী গৌতম সেন। সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, নগরের পতেঙ্গা এলাকায় একটি কনটেইনার টার্মিনালের কর মূল্যায়নের ক্ষেত্রে এ অনিয়ম ধরা পড়ে। কর মূল্যায়নের সময় ওই টার্মিনালের আয়তন দেখানো হয় মাত্র ১৭ হাজার বর্গফুট। বিষয়টি মেয়রের নজরে আসার পর তিনি বলেন, ন্যূনতম দুই লাখ বর্গফুটের কম জায়গায় কোনো কনটেইনার টার্মিনাল গড়ে তোলা সম্ভব নয়। গত রোববার তিনি সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্য দিয়ে ওই টার্মিনাল মাপজোখের উদ্যোগ নেন। এতে দেখা যায়, টার্মিনালের আয়তন আড়াই লাখ বর্গফুট। সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘এটা একটা বড় ধরনের অনিয়ম। আমরা ওই দুই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছি।’