করজোড়ে ক্ষমা চাইলেন মিজানুর

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সংখ্যালঘুদের ওপর হামলার দায় নিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ ক্ষমা চান।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সে সময় বলেছেন, ‘এদেশে সব ধর্ম-বর্ণের মানুষ বসবাস করে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে অনেক সময় দুর্বৃত্তরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করে। এ দেশের নাগরিক হিসেবে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতনের দায় আমরা কিছুতেই এড়াতে পারি না। সেই দায় থেকে আপনাদের ওপর হামলা-নির্যাতনের জন্য আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি। আপনারা এ দেশের নাগরিক, কখনো নিজেদের একা ভাববেন না।’

মো. মিজানুর রহমান আরও বলেন, যারা দেশের নিরীহ মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালায়, তাদের রাজনৈতিক পরিচয় নেই। দেশের মানুষের কাছে তারা অপরাধী হিসেবে পরিচিত। কোনো রাজনৈতিক দল দেশের নিরীহ মানুষের ওপর হামলা-নির্যাতন চালানোর অনুমতি দিতে পারে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করা হবে।
ক্ষতিগ্রস্তদের সাহস দিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, স্বল্প সময়ের জন্য নয়, সংখ্যালঘুদের স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মিজানুর রহমানের নেতৃত্বে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও কমিশনের উপপরিচালক ইমাম উদ্দিন কবীর আজ বিকেলে দিনাজপুরের কর্ণাই গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এরপর প্রতিনিধিদল ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুরের দেউনিয়া বাজার এলাকা পরিদর্শন করে। তাঁরা বাজারের পেছনে হামলার শিকার মনোপ্রসাদ রায়ের বাড়ি যান। সেখানে তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। প্রতিনিধিদলের সদস্যরা ঠাকুরগাঁওয়ের সরকারি শিশু পরিবার, কালিতলা রোড কলোনির শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
৫ জানুয়ারি নির্বাচনের দিনে এসব এলাকায় হামলা চালিয়ে সংখ্যালঘুদের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
হামলায় ক্ষতিগ্রস্ত দুর্গামনি বলেন, ‘দেশেত ভোট আসিলেই হামাক ভয় দেখাবে, মারধর করিবে, বাড়ি-ঘর, দোকান জ্বালাবে। হামরা হিন্দু, সংখ্যায় কম বলিয়াই কি মুখ বুজে মার খায়ে যাবা হবে। তোমারলাক পাশত দেখিয়া এলা হামার ভয় কাটিয়া গেইছে।’
সে সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সংখ্যালঘুদের মন থেকে ভীতি দূর করতে অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস দিতে হবে।’