করটিয়ায় মন্দির কমিটির নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের করটিয়ায় মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রলাদ কুমার ঘোষকে হামলার ঘটনায় পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে ঢাকার বাড্ডা এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর থানার পুলিশ মেহেদী, মানিক ও পাপনকে গ্রেপ্তার করে টাঙ্গাইলে নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।প্রলাদ কুমার ঘোষকে গত সোমবার একদল সন্ত্রাসী কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তিনি এখন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।করটিয়া দুর্গামন্দির কমিটির নেতারা জানান, টাঙ্গাইল সদর উপজেলার ব্যবসাপ্রধান করটিয়া এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশ কয়েক বছর করটিয়া বাসস্ট্যান্ডের পাশে অস্থায়ী মন্দির নির্মাণ করে দুর্গাপূজা উদ্যাপন করে আসছে। তিন মাস আগে করটিয়ার প্রল্লাদ চন্দ্র পাল ও তাঁর আত্মীয়স্বজনেরা দুর্গামন্দিরের নামে বাসস্ট্যান্ডের পাশে ৫ শতাংশ জায়গা রেজিস্ট্রির মাধ্যমে দান করেন। দুর্গামন্দির কমিটির পক্ষ থেকে ওই জায়গায় সাইনবোর্ড লাগাতে গেলে এলাকার সাইদুল আনসারী, মেহেদী আনসারী, মানিক আনসারীসহ বেশ কয়েকজন তাঁদের বাধা দেন। কিছুদিন আগে ওই ব্যক্তিরা জায়গাটি নিজেদের দাবি করে মাটি ভরাট করতে আসেন। তখন মন্দির কমিটিও তাঁদের বাধা দেয়। কোনো কাগজপত্র দেখাতে না পারার ফলে তাঁরা ফিরে যেতে বাধ্য হন। তারপর থেকেই মন্দির কমিটির লোকজনকে তাঁরা নানাভাবে ভয়ভীতি দেখাতে শুরু করেন।