করণিকেরা আইন করেন সাংসদেরা হ্যাঁ-না বলে তা পাস করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেছেন, ‘করণিকেরা আইন করেন, আমরা সাংসদেরা তা হ্যাঁ-না বলে পাস করে দিই।’ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইনের ত্রুটি সংশোধনের জন্য আনা বিল পাসের জন্য উত্থাপন করা হলে আজিম এই কথা বলেন। গত ৮ ফেব্রুয়ারি ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২’ সংসদে পাস হয়। কিন্তু বিল থেকে ভুলবশত ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড বিলোপ এবং যানবাহন সমন্বয় বোর্ড আইন, ২০০১ (২০০১ সালের ১৯ নম্বর আইন) রহিতকরণ ও হেফাজত-সম্পর্কিত দুটি দফা বাদ পড়ে যায়। ওই দুটি দফা অন্তর্ভুক্ত করার জন্য গতকাল নতুন করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০১২ পাসের জন্য সংসদে উত্থাপন করা হয়। যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটির ওপর নোটিশদাতা ফজলুল আজিম বলেন, ‘একটি বিল সংসদে উত্থাপনের আগে মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদীয় কমিটিতে যাচাই-বাছাই হয়। ভুল হলো কীভাবে!’ জবাবে ওবায়দুল কাদের বলেন, বিজি প্রেসের ভুলের কারণে ত্রুটিপূর্ণভাবে সংসদে বিল উত্থাপিত হয়েছিল।