করতোয়া বাঁচানোর দাবি গণমাধ্যমকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার করতোয়া নদীকে দখল-দূষণমুক্ত করাসহ যেকোনো মূল্যে প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়ার নবাগত জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন তাঁর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় জুয়া-হাউজি বন্ধ, শহরের যানজট নিয়ন্ত্রণ, নকল ও ভেজাল ওষুধের ব্যবসা বন্ধ, নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদার, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বগুড়ার উন্নয়নে জোরালো ভূমিকা রাখার জন্য নবাগত জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান করতোয়া নদীকে বাঁচানোর দাবি জানিয়ে বলেন, ‘করতোয়ার সঙ্গে মিশে আছে বগুড়ার ইতিহাস-ঐতিহ্য এবং জীবন-জীবিকা। নদী মরে যাওয়া মানে ওই এলাকা মরে যাওয়া। বগুড়াকে মেরে ফেলতেই চক্রান্ত করে গাইবান্ধার খুলশীতে অবৈধ জলকপাট নির্মাণ করা হয়েছে। ওই জলকপাট নির্মাণের মাধ্যমে করতোয়া নদীকে কার্যত মেরে ফেলা হয়েছে। এখন করতোয়া বিপন্ন নদী। দখলে-দূষণে নদী মরে গেছে। নদীর পারের মানুষেরা জীবিকা হারিয়ে বেকার হয়ে পড়েছে। পরিবেশগত বিপর্যয় নেমে এসেছে।
সাংবাদিকদের এসব দাবির পরিপ্রেক্ষিতে নবাগত জেলা প্রশাসক বলেন, করতোয়ার প্রাণ ফিরিয়ে দিতে যা যা করা দরকার জেলা প্রশাসন তা করবে। তিনি এ-ও বলেন, পরিবহনে চাঁদাবাজি ও ভেজাল ওষুধের কারবার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। জুয়া-হাউজি কিসের ভিত্তিতে চলছে তা খতিয়ে দেখা হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত-উদ-দৌল্লা খান, নির্বাহী হাকিম হাবিবুল ইসলাম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সাধারণ সম্পাদক আরিফ রেহমান ও মোমিনুর রশিদ, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।