করতোয়ার তীরে স্থাপনা নির্মাণ বন্ধ করে দিল জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই করতোয়া নদীর তীরে নির্মাণ করা হচ্ছিল স্থাপনা। নদী দখল করে ওই স্থাপনা হচ্ছে—এমন অভিযোগ পেয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ২৮ শতক জমি কয়েক বছর ধরে টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছিলেন জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান। সম্প্রতি ওই বেড়া সরিয়ে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়।
এ প্রসঙ্গে তবিবর রহমান বলেন, ‘নদীসংলগ্ন জায়গাটি এত দিন টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল। এটি কেনার জন্য বায়নানামাও করেছিলাম। তবে শেষ পর্যন্ত দরদামে বনিবনা না হওয়ায় ওই জমি কেনা হয়নি। জমির মালিক শহরের খাজাপাড়ার একরামুল হক নিজেই এখন স্থাপনা নির্মাণ করছেন। কাগজপত্র অনুযায়ী ওটা সরকারি জমি নয়।’
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর সীমানা ঘেঁষে করতোয়া নদীর পশ্চিম পাড়ের ওই জমিতে সীমানাপ্রাচীর তোলার কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে রড-সিমেন্টের ঢালাইয়ে পিলার ও ইটের গাঁথুনি তোলা হয়েছে।
তবে জেলা প্রশাসন সূত্র জানায়, নির্মাণকাজ শুরুর পর থেকে স্থানীয় পরিবেশ আন্দোলনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন ওই সীমানাপ্রাচীর নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রতিবাদের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার জেলা প্রশাসক মৌখিকভাবে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। এরপর থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, করতোয়া নদীর সীমানায় স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া গত সোমবার সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে একটি কমিটিও করা হয়েছে। কমিটি জায়গাটি ব্যক্তিমালিকানা, নাকি নদীর সীমানা, তা তদন্ত করে দেখবে।
সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান বলেন, তিনি এখনো এ-সংক্রান্ত চিঠি হাতে পাননি। তবে ১৭ অক্টোবর জায়গাটি মাপজোক করতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি শুনেছেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, চার দশক আগেও বগুড়া শহরের ভেতর করতোয়া ৬৫-৬৭ ফুট প্রশস্ত ছিল। বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। অবৈধ দখলদারদের কারণে নদী ক্রমেই ছোট হয়ে আসছে। প্রশাসনের নাকের ডগায় এগুলো নির্মাণ করা হলেও মাঝেমধ্যে কেবল লোক দেখানো ব্যবস্থা নেওয়া হয়।