করতোয়ায় গোসলে নেমে বগুড়া পুলিশ লাইনস স্কুলের ছাত্রের মৃত্যু
বগুড়া শহরের বেজোড়া ঘাটে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে বগুড়া পুলিশ লাইনস স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র এস আলী নওয়াজ ওরফে সাগর (১৪)। চার ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ উদ্ধার করেছেন।
সাগর বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজমল হোসেনের ছেলে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেজোড়া ঘাট এলাকায় গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর তার অপর বন্ধু রিপন ও সানোয়ারকে নিয়ে নদীতে গোসল করার জন্য যায়। সাগর সাঁতার না জানলেও নদীতে নেমে গোসল করে। একপর্যায় তার বন্ধুরা সেতু থেকে নদীতে লাফিয়ে পড়ে গোসল করে। এ দৃশ্য দেখে সাগর বন্ধুদের সঙ্গে সেতু থেকে নদীতে লাফ দেয়। বন্ধুরা সাঁতরে পাড়ে উঠলেও সাগর ডুবে যায়।
খবর পেয়ে তার বাবা-মা ও স্থানীয় লোকজন সেখানে আসেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা আড়াইটা পর্যন্ত সন্ধান না পাওয়ায় রাজশাহী থেকে ডুবুরি আনা হয়। ডুবুরিরা ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে সাগরের লাশের সন্ধান পান। পরে তার লাশ লতিফপুর কলোনিতে নিয়ে যাওয়া হয়। বাদ মাগরিব বগুড়া পুলিশ লাইনসে জানাজা শেষে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ে যাওয়া হয়।