করতোয়া দখল করে মাছ চাষ, নীরব প্রশাসন

দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদীর একটি শাখায় বাঁধ দিয়ে তিন বছর ধরে মাছ ধরা হচ্ছে। অভিযোগ উঠেছে এর নেপথ্যে রয়েছেন দাউদপুর কারিগরি কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক ও তাঁর স্বজনেরা। এতে ওই এলাকার প্রায় পাঁচ শ জেলে নদী থেকে মাছ ধরতে পারছেন না।
এ বিষয়ে এলাকাবাসী গত এপ্রিল ও চলতি মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর ধরে দাউদপুর কারিগরি কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক, তাঁর আত্মীয় সৌরভ মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর মাঝে তিন শ মিটার দখল করে আছেন। সেখানে নদীর দুই পাশে বাঁশ দিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। বাধা দিতে গেলে তাঁরা হুমকি-ধমকি দেন এবং হয়রানি করেন। মাছ ধরতে না পেরে এলাকার মৎস্যজীবীদের আয়-রোজগার নেই। ফলে তাঁদের দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে।
ঈশ্বরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফণী মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে ঈশ্বরপুর, বালুয়াপাড়া, পাঁচগাছি, কবুলিপাড়া, কড়াইবাড়ি গ্রামের মৎস্যজীবীরা মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন। বর্তমানে এসব গ্রামে পাঁচ শতাধিক মৎস্যজীবী রয়েছেন। তাঁরা দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় মৎস্যজীবী সুজন কুমার সরকার ও নিরঞ্জন সাহা বলেন, বাঁধ উচ্ছেদের জন্য গত ১৯ এপ্রিল তাঁরা ইউএনও এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। ৭ মে ইউএনও উভয় পক্ষকে ডেকে পাঠান। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর ৯ মে তাঁরা আবার লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়েছে, ১৬ মের মধ্যে অবৈধ বাঁধ উচ্ছেদ করা না হলে ১৭ মে উপজেলা পরিষদে মানববন্ধন করা হবে। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে মো. এনামুল হক মুঠোফোনে দাবি করে বলেন, ক্রয়সূত্রে তাঁরা ওই জমির মালিক। কাউকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম আহমদ বলেন, ‘অধ্যক্ষ এনামুলসহ দখলকারীরা সম্পূর্ণ অবৈধভাবে নদীতে বাঁধ দিয়ে দখল করে রেখেছেন। বাঁধ উচ্ছেদের জন্য তিনি উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। কিন্তু ইউএনও স্যার দখলদারদের কাগজ দেখতে চাওয়ায় উচ্ছেদ করা সম্ভব হয়নি।’
ইউএনও বজলুর রশীদ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে রাখায় অধ্যক্ষ এনামুল হককে তিরস্কার করেছেন। যেহেতু তাঁরা নিজেদের সম্পত্তি দাবি করেছেন, তাই তাঁদের কাগজপত্র সহকারী কমিশনারকে (ভূমি) দেখতে বলা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী আফরিদা বলেন, দখলকারীরা নিজেরাই স্বীকার করেছেন, জমিটি কেনার পর তাঁরা জানতে পারেন জমিটি ‘ক’ তফসিলভুক্ত। এ কারণে দখলকারীরা আদালতে মামলা করেছেন।