করতোয়া নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নদী থেকে ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। মৃত ওই দুই ভাইয়ের নাম রিমন (৮) ও রিফাত (৬)। তারা উপজেলার মারেয়া ইউনিয়নের কলোনীপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মারেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম প্রথম আলোকে বলেন, রিমন ও রিফাত একই ইউনিয়নের সলিমাবাদ গুচ্ছগ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। দুপুরে দুই ভাই মিলে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের নানা অলিয়ার রহমান নদীতে গোসল করতে গিয়ে রিমন ও রিফাতকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে সন্ধ্যায় স্থানীয় লোকদের সহায়তায় নদীর পানির নিচ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।
দুই ভাই রিমন ও রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম।