করতোয়ার বাঁধ ভেঙে ৭০ গ্রাম প্লাবিত
অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত শনিবার ও রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে ৭০ গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলার চর বালুয়া, খলসী ও গোসাইপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। এতে উপজেলার মহিমাগঞ্জ, রাখাল বুরুজ, তালুককানুপুর, নাকাই, দরবস্ত ও শাপমারা ইউনিয়নের ৭০টি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শনিবার মধ্যরাতে পানির তীব্র স্রোতে প্রথমে খলসী চাঁদপুর এলাকায় বাঁধের প্রায় এক হাজার মিটার ধসে যায়। এতে উপজেলার শাপমারা ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়। গত রোববার ভাররাতে গোসাইপুর এলাকায় প্রায় ৭০০ মিটার বাঁধ ধসে ৩০টি গ্রাম প্লাবিত হয়। রোববার সকাল নয়টার দিকে দ্বিতীয় দফায় মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া এলাকায় বাঙ্গালী নদীর ৭০০ মিটার বাঁধ ধসে পড়ে। এতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার হেক্টর ফসলি জমি। গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বলেন, করতোয়া নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানির তীব্র স্রোতে বাঁধ ভেঙে যায়। তবে নতুন করে আর যাতে কোনো বাঁধ না ভাঙে সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।