করপোরেট হাউসের ভূমিকা খুব বেশি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেছেন, সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ব্যাংক আন্দোলন করে যাচ্ছে। ব্যাংকিং খাতকে এ কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছে। তবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করপোরেট হাউসগুলোর ভূমিকা খুব বেশি নয়। বরং ব্যাংক এ ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করছে। বছরে ৬০০ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে খরচ করা হয়। অধ্যাপক ইমেরিটাস আবদুল করিম স্মারক বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের জামালখানে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার হয়। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ’ এই স্মারক বক্তৃতার আয়োজন করে।
অনুষ্ঠানের মাঝখানে বাতি জ্বেলে ‘চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ রিসার্চ লাইব্রেরি অ্যান্ড আর্কাইভ’ উদ্বোধন করেন অতিথিরা। এই কেন্দ্র স্থাপনে আর্থিক সহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক।
এর আগে ‘চিটাগাং পোর্ট: এ ব্রিফ সার্ভে ১৯০০-২০১৪’ শীর্ষক স্মারক বক্তৃতায় চট্টগ্রাম বন্দরের শত বছরের ইতিহাসের প্রসঙ্গ টেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোফাখখারুল ইসলাম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র থেকে ভৌগোলিক দূরত্বের কারণে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় চট্টগ্রামের প্রভাব বিস্তারের সুযোগ ছিল না। এরপরও সীমিত পরিসরে হলেও চট্টগ্রাম বন্দর ভূমিকা পালন করে এসেছে।
আয়োজক সংগঠনের সদস্যসচিব শামসুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী। বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান ও অধ্যাপক মনিরুজ্জামান।
অধ্যাপক মনিরুজ্জামান বলেন, দেশ স্বাধীন হওয়ার এত বছরেও দেশে ভাষাবিজ্ঞানী জন্মাতে পারেনি। এ কারণে ভারতের ‘সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ’-এর মতো প্রতিষ্ঠান এ দেশে হয়নি। তবে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ নামে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এটি ঐতিহাসিক ঘটনা। গবেষকেরা মনেপ্রাণে গ্রহণ করলে একদিন এ দেশে ‘সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ’-এর মতো বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে।